এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ শনিবার শুরু


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২২ মে ২০১৫

সাত দেশের অংশগ্রহণে শনিবার শুরু হচ্ছে এশিয়ান সিনিয়র পুরুষ সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ওইদিন বেলা তিনটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন সিকদার এমপি, উপ-মন্ত্রী আরিফ খান জয় এমপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. জাহিদ হাসান রাসেল এমপি।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো- আফগানিস্তান, নেপাল, মালদ্বীপ, কিরঘিজিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। শেষ মুহূর্তে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে তাজিকিস্তান অনীহা প্রকাশ করায় আট জাতির টুর্নামেন্টটি সাত জাতির টুর্নামেন্টে পরিণত হয়েছে। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে ঢাকা পৌঁছেছে আফগানিস্তান, উজবেকিস্তান, কিরঘিজিস্তান ও তুর্কমেনিস্তান। শুক্রবার রাতের মধ্যে বাকী দলগুলো ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। টুর্নামেন্ট শেষ হবে ২৮ মে।

উদ্বোধনী খেলার আগে প্রায় এক ঘণ্টার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। উদ্বোধনী অনুষ্ঠানে ‘বাংলার অহংকার’ শিরোনামে একটি থিম সংগীতসহ মনোমুগ্ধকর নাচের জমকালো পরিবেশনা থাকবে। যেখানে ডিসপ্লের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে বাংলাদেশের ঐতিহ্য। টুর্নামেন্ট আয়োজনে খরচ হচ্ছে প্রায় ৮০ লাখ টাকা। যে অর্থের যোগান দিচ্ছে টাইটেল স্পন্সর ডাচ-বাংলা ব্যাংক ও প্লাটিনাম স্পন্সর রুপালী ব্যাংক লিমিটেড।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে যথাক্রমে এক হাজার ও পাঁচশ’ ডলার প্রাইজমানি দেয়া হবে। সেরা খেলোয়াড় পাবেন পাঁচশ’ ডলার।
শুক্রবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম।

তিনি ঘোষণা দেন, ‘টুর্নামেন্টে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হতে পারলে দলের প্রত্যেক খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার দেয়া হবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘ভূমিকম্পে বিধ্বস্ত নেপাল দলের সব খরচের যোগান দেবে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। আর টুর্নামেন্টের সব দল জার্সি পাবে ভলিবল ফেডারেশনের সৌজন্যে।’

সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আসলাম সানি ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, সমন্বয়ক মোস্তফা কামাল প্রমুখ।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।