পাকিস্তান-জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে আজ
দীর্ঘ ছয় বছর পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আসর বসায় দেশটিতে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। যেই ইমরান খান গত ১৯ বছরেও গাদ্দাফি স্টেডিয়ামে আসেননি, সেই তিনিও গাদ্দাফিতে শামিল হয়েছেন এই হোম সিরিজ দেখতে। আর এই আনন্দে নতুন এক মাত্রা এনে দিচ্ছে টি-২০ সিরিজের পর আজ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রধম ম্যাচ। বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।
টি-২০ সিরিজ জিতে খুব স্বাভাবিক ভাবেই স্বস্তিতে আছে পাকিস্তান। তবে আজ থেকে নতুন চ্যালেঞ্জ পাকিস্তানের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটা মাঠে গড়াচ্ছে ওই গাদ্দাফি মাঠেই। তবে স্বস্তি থাকলেও সন্তুষ্টি নেই কোচ ওয়াকার ইউনুসের কণ্ঠে, `প্রথম টি-টোয়েন্টিতে ১৪০ রানের ওপেনিং জুটির পরও দ্রুত ৫ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান। এ ম্যাচেও জিততে হয়েছে ২ বল বাকি থাকতে বিলওয়ালের সাহসী ব্যাটিংয়ে।
২-০ ব্যবধানে সিরিজ জেতায় টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ৫ নম্বর জায়গাটা ধরে রাখল পাকিস্তান। ওয়ানডে সিরিজ ৩-০-তে জিতলেও তারা থাকবে ৯ নম্বরে। তবে একটা ম্যাচ হারলেই কমবে রেটিং পয়েন্ট। তাতে সরাসরি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাটা কঠিন হবে আরো। তাই সিরিজটা চ্যালেঞ্জের পাকিস্তানের জন্য। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে তারুণ্যে পুরোপুরি না ঝুঁকে ফেরানো হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিক আর মোহাম্মদ সামিকে।
পাকিস্তানের ওয়ানডে দল :
আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, আসাদ শফিক, হ্যারিস সোহেল, শোয়েব মালিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, আনোয়ার আলী, হামাদ আজম, ইমাদ ওয়াসিম, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সামি ও জুনাইদ খান।
জেআর/এমএস