ইংল্যান্ডের নাটকীয় জয়
ক্রিকেট যে পঞ্চম দিনে একটু বেশিই রং পাল্টায় তা আবার দেখলো ক্রিকেট বিশ্ব। লর্ডস টেস্টের শেষ দুই দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ডকে ১২৪ হারিয়ে নাটকীয় এক জয় তুলে নিলো স্বাগতিক ইংল্যান্ড। আর প্রথম ইনিংসে পাঁচশর বেশি রান করেও হারের ঘটনা টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘটল মাত্র চতুর্দশবারের মতো।
প্রথম ইনিংসে ১৩৪ রানের লিড নিয়ে জয়ের স্বপ্নই দেখছিল কিউইরা। কিন্তু চতুর্থ দিন থেকে অধিনায়ক অ্যালেস্টার কুক ও বেন স্টোকসের শতকের উপর ভর করে ঘুরে দাঁড়াতে শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৪৭৮ রান করলে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪৫ রান।
পঞ্চম দিনে ইংল্যান্ডের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে স্টোকস ও স্টুয়ার্ট ব্রডের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ২২০ রানে। আর ইংল্যান্ড পেয়ে যায় রোমাঞ্চকর জয়। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেছেন কোরি অ্যান্ডারসন। ৫৯ রান এসেছে বিজে ওয়াটলিংয়ের ব্যাট থেকে।
ম্যাচ সেরা হয়েছেন দুই ইনিংস মিলিয়ে ১৯৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে বল হাতে তিন উইকেট নেওয়া স্টোকস।
এমআর/পিআর