ফুটবলে দলবদলের নানা গুঞ্জন
ফুটবলীয় লড়াই শেষ হবার পরপরই সাফল্যের হিসেব-নিকেশে ইতিমধ্যেই বিভিন্ন দলের কোচ সহ ফুটবলারদেরকেও নিয়ে উঠেছে দলবদলের নানা গুঞ্জন। এদিক দিয়ে কাড়ি কাড়ি অর্থের পসরা সাজানো ইউরোপিয়ান ফুটবলের দিকে সবারই নজর থাকে একটু আলাদাভাবে। পেশাদারিত্ব বজায় রেখেই ফুটবলাররা পাড়ি জমান এক ক্লাব থেকে আরেক ক্লাবে। শুধু ফুটবলারই নয়। কোচরাও দলবদলের ক্ষেত্রে অনুসরণ করেন একই পন্থা।
যার অন্যতম উদাহরণ, শিরোপা বঞ্চিত একটি মৌসুম কাটানোয় ইতিমধ্যেই বরখাস্ত হতে হয়েছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লোস অ্যানচেলত্তিকে। সেই সাথে সাবেক লিভারপুল কোচ রাফায়েল বেনিতেজকে অনেকেই দেখছেন রিয়ালের পরবর্তী কোচ হিসেবে। কোচ হিসেবে জায়গা বদলের গুঞ্জন উঠেছে বরুশিয়ার কোচ ইয়ূর্গেন ক্লপের ক্ষেত্রেও। এবার বুন্দেস লিগায় দলের ভরাডুবির কারণেই চাকরি হারাতে হচ্ছে তাকে।
গুঞ্জন উঠেছে এবারের লা লিগায় সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে নিয়েও। বেশ রেকর্ড পরিমাণ অর্থে তিনি নাকি পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে চাপাতে ওল্ড ট্রাফোর্ডের বাসিন্দা হচ্ছেন। সেই সাথে রেড ডেভিলরা নাকি পিএসজি`র কাছে বিক্রি করে দিচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়াকে। পাশাপাশি, ভন গাল তার তাবুতে ডি গিয়ার পাশাপাশি গোলরক্ষক হিসেবে ভেড়াতে চান কোস্টারিকান কেইলর নাভাসকে।
এদিকে, উরুগুইয়ান ফরোয়ার্ড কাভানিকে ছেড়ে দেয়ার পরিকল্পনায় মশগুল আছে পিএসজি। আর, বার্সেলোনার অভিজ্ঞ সেনানি দানি আলভেসও বিদায় নিচ্ছেন কাতালান শিবির থেকে। তবে, তার পরবর্তী গন্তব্য কোথায় হচ্ছে তা এখনো সুস্পষ্ট নয়। এই তালিকায় আছেন ১৭ বছর নূ ক্যাম্পে কাটানো আরেক ফুটবলার জাভি হার্নান্দেজ। কাতারের ক্লাবই আপাতত গন্তব্য হচ্ছে তার।
সেই সাথে এবারের ইংলিশ লিগ রানার্সআপ ম্যানচেস্টার সিটিজেনদের তাঁবু ছেড়ে আপাতত নিউইয়র্কেই তাঁবু ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ওদিকে, দ্রগবা চেলসি থেকে এবং জেরার্ড ১৬ বছর অ্যানফিল্ডে কাটানোর পর বিদায় নিয়েছেন লিভারপুল থেকে। সব মিলিয়ে আগামী ব্যস্ত মৌসুমের আগেই আপাতত ঘর গোছাতে উঠে-পড়ে লেগেছে ইউরোপিয়ান ক্লাব গুলো।
এমআর/এমএস