লড়াইটা রুবেল-কোহলির!


প্রকাশিত: ০২:১০ পিএম, ১৭ জুন ২০১৫

২০১১ বিশ্বকাপ, ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে খেলছে বাংলাদেশ। কোহলির বিপক্ষে ৩৪তম ওভারের চতুর্থ বল করেন পেসার রুবেল হোসেন। কোহলি ঠিকভাবে খেলতে না পারায় নিজের বলে নিজেই ফিল্ডিং করে কোহলির দিকে তাকান রুবেল। কিন্তু কোহলি তাকে অশ্রাব্য ভাষায় স্লেজিং করেন। ফলশ্রুতিতে রুবেলও পাল্টা জবাব দেন। দ্বৈরথটা শুরু হয় তখন থেকেই। সেদিন কোহলি হার না মানা অনবদ্য এক সেঞ্চুরি করেন। ৩৭০ রানের পাহাড় ডিঙ্গাতে গিয়ে বাংলাদেশ থামে ২৮৩ রানে। মাঠে এবং কথায় দুটোতেই জয় পেয়েছিলেন কোহলি।

এরপর কোহলির বিপক্ষে দুইবার খেলার সুযোগ হয় রুবেলের। প্রথমবার ঘরের মাটিতে এশিয়াকাপে, পরেরবার অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে। প্রথম খেলায় বাংলাদেশ জয় পেলেও দ্বিতীয় খেলায় আম্পায়ারের কিছু বিতর্কিত সিদ্ধান্তে হারতে হয় বাংলাদেশকে। তবে দুইবারই কোহলিকে আউট করে নিজেদের দ্বৈরথের জয় ছিনিয়ে নিয়েছিলেন বাংলাদেশের পেসার রুবেল হোসেন।

আবারো প্রতিপক্ষ সেই ভারত। তাই সবকিছু ছাপিয়ে চোখ থাকবে রুবেল-কোহলির উপর। এবার কে জিতবেন? বাংলাদেশের অধিনায়ক মাশরাফিকে এ নিয়ে প্রশ্ন করে হলে বলেন, সে যদি পাগলামি করে ভালো করে তাহলে তো আমার জন্যে ও দলের জন্যে ভালো। তবে আমি চাই ব্যক্তিগত কোনো আক্রমণ যেন না হয়। আমি তো রুবেল আর কোহলির মধ্যে কিছু দেখছি না। রুবেল মাত্র একবার (আসলে দুইবার) কোহলিকে আউট করেছে। রুবেল ওর সেরাটা দিবে, কোহলিও তার সেরাটা দিবে। একজন তো সাফল্য পাবেই।

তবে রুবেল-কোহলির লড়াই শুধু মাঠেই নয়। লড়াইটা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। বিশেষকরে কোহলির সঙ্গে আনুশকা এবং রুবেলের সঙ্গে হ্যাপিকে নিয়ে ফেসবুক-টুইটারে নানারকম ব্যাঙ্গচিত্র তুলে ধরছেন অনেকেই।

আরটি/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।