নেইমারের লালকার্ড : হতাশায় ব্রাজিল (ভিডিও)


প্রকাশিত: ০৫:২৮ এএম, ১৮ জুন ২০১৫

ম্যাচের শেষ বাঁশি বাজার পর ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা নেইমারের লালকার্ড দলটির হতাশাকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। লালকার্ড দেখায় কোপা আমেরিকার পরের ম্যাচে থাকছেন না ব্রাজিল অধিনায়ক নেইমার। এছাড়াও আরো দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হওয়া ম্যাচের শেষ বাঁশি বাজার পর এই শাস্তি পেয়েছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় তারকা।

এর আগে, চিলির সান্তিয়াগোতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে বলে হাত লাগিয়ে হলুদ কার্ড দেখেন নেইমার। আর ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই পরাজয়ের হতাশায় বিপক্ষ দলের পাবলো আরমেরোকে লক্ষ্য করে বলে লাথি মারেন নেইমার। এরপরই বিবাদে জড়িয়ে যায় দুই দলের খেলোয়াড়রা। কলম্বিয়ার কার্লোস বাক্কা পেছন থেকে নেইমারকে ধাক্কাও মারেন। ম্যাচ শেষে ফেরার সময় রেফারি ছুটে গিয়ে লাল কার্ড দেখান নেইমারকে। বাক্কাকেও পেতে হয় একই শাস্তি।

এমনিতেই পরপর দুই ম্যাচে দুই হলুদ কার্ড দেখায় ভেনেজুয়েলার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি খেলতে পারতেন না নেইমার। ম্যাচ শেষে লাল কার্ড দেখায় আরো দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। তিন ম্যাচ নিষিদ্ধ হলে ব্রাজিল ফাইনালে উঠলেই কেবল এই টুর্নামেন্টে আবার মাঠে নামার সুযোগ পাবেন নেইমার।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।