ওপেনিংয়ে তামিমের সঙ্গী লিটন!
গত কয়েক বছর ধরেই বাংলাদেশ দলের উদ্বোধনী জুটিতে একপ্রান্তে তামিম থাকলেও অপর প্রান্তে বদলেছে নানা মুখ। অন্য যে কোন সময়ের তুলনায় বাংলাদেশ দলের ব্যাটিং বর্তমানে ভালো হলেও সমস্যা রয়ে গেছে ওপেনিংয়ে। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নতুন কোন মুখ দেখা যেতে পারে তামিমের সঙ্গী হিসেবে। সেক্ষেত্রে টেস্টে অভিষেক হওয়া লিটন দাসের সম্ভবনা উজ্জ্বল। তেমনি ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মাশরাফি।
মাশরাফি বলেন, লিটন টেস্ট ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছে। ওটা অবশ্যই আলাদা খেলা। তবে খেলাটা টেস্টের জন্য নয়, ওয়ানডে ওর জন্য আরও বেশি মানানসই হতে পারত।
গত বিশ্বকাপে কাঁধের ইনজুরিতে পরা এনামুল প্রাথমিক দলে থাকলেও মুল দলে জায়গা হয়নি। ইমরুল কায়েস বিশ্বকাপে দলকে হতাশ করেছেন। তাই পাকিস্তান সিরিজে সৌম্যকে দিয়ে ওপেন করিয়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশ হারিয়েছে দলের অন্যতম ব্যাটিং স্থপতি মাহমুদুল্লাহ রিয়াদকে। মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরিতে লিটনের অভিষেকের পথ অনেকটাই সহজ হয়েছে।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের বাকি দুই ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২১ ও ২৪ জুন।
আরটি/এআরএস/আরআইপি