ব্রাজিলের অনুশীলনে নেই নেইমার
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখা ব্রাজিলের অধিনায়ক নেইমারকে ছাড়াই অনুশীলন করেছেন দুঙ্গা বাহিনী। চিলির সান্তিয়াগোয় কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে ০-১ গোলে হেরে যায় ব্রাজিল। ম্যাচের শেষ বাঁশি বাজার সময় হতাশায় গোলবারের দিকে বল মারেন নেইমার। সামনে থাকা কলম্বিয়ার পাবলো আরমেরোর গায়ে বল লাগায় লালকার্
ড দেখতে হয় বার্সেলোনার এই ফরওয়ার্ডকে। তাই তাকে ছাড়াই অনুশীলন করেছে দুঙ্গার দল। গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন না নেইমার। তবে এমনিতেও পর পর দুই ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় খেলতে পারতেন না গ্রুপের শেষ ম্যাচ। তবে ম্যাচ শেষে লাল কার্ড দেখায় আরও বড় নিষেধাজ্ঞা আসতে পারে। তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলের অধিনায়ক। সেক্ষেত্রে ব্রাজিল ফাইনালে উঠলে অথবা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবার মাঠে নামার সুযোগ পাবেন নেইমার।
এদিকে, দলের সেরা তারকাকে ছাড়া সামনের পথটা পাড়ি দেওয়ার ছক কষছেন দুঙ্গা। পুরোদমে অনুশীলন করেছেন কৌটিনহো, রবিনহো ও ফ্রেড। নেইমারকে ছাড়া কিভাবে জয় পাওয়া যায় তা জানে ব্রাজিল। এ নিয়ে দুঙ্গা বলেন, নেইমারকে ছাড়া কিভাবে খেলা যায়, সেটা নিয়ে আমরা ভাবছি। এর আগে একবার আমরা নেইমারকে ছাড়াই খেলে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিলাম। আমাদের প্রস্তুত হতে হবে এবং একতাবদ্ধ হতে হবে। তাকে (নেইমার) পেলে ভালো লাগত কিন্তু এটা সম্ভব নয়।
সোমবার বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায় নিজেদের শেষ গ্রুপ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল।
আরটি/এমএস