নতুন মাইলফলকের সামনে মেসি
দাঁড়িয়ে ফুটবল বিস্ময় লিওনেল মেসি আরও একটি মাইলফলকের সামনে। শনিবার জামাইকার বিপক্ষে জাতীয় দলের হয়ে মাঠে নামলেই শতম্যাচ খেলার গৌরব অর্জন করবেন এ আর্জেন্টাইন অধিনায়ক।
শততম ম্যাচ খেলার আগে আর্জেন্টিনার একটি দৈনিকে মেসি বলেছেন, জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলতে যাচ্ছি। জয় দিয়ে এমন মুহূর্ত উদযাপন করতে চাই আমি। কোপা আমেরিকার শিরোপা ঘরে নিয়ে যেতে প্রস্তুত আমি।
তবে দেশের হয়ে সর্বোচ্চ ১৪৫ ম্যাচ খেলার রেকর্ড আরেক কিংবদন্তি ফুটবলার জাভিয়ের জানেত্তির। মেসির উপরে রয়েছেন আরও তিনজন রবার্তো আয়য়ালা ১১৫, জাভিয়ের মাসচেরানো ১১৩ এবং দিয়েগো সিমিওনে ১০৬ ম্যাচ খেলেছেন।
৪ বার ফিফা ব্যালন ডি’অর জয়ী মেসি এই পর্যন্ত ৯৯ ম্যাচে গোল করেছেন ৪৬টি। ৭৮ ম্যাচ খেলে ৫৬ গোল করে আর্জেন্টাইনদের হয়ে তালিকায় শীর্ষে রয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।
১৯৯৩ সালে শেষবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তাই এবার শিরোপা খরা কাটাতে মরিয়া মেসিরা। জাতীয় দলের হয়ে এখনও বড় কোন শিরোপা জিততে পারেননি তিনি। তবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ট্রফি ও অলিম্পিকে স্বর্ণ জিতেছেন মেসি। ২১ জুন গ্রুপের শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে মাঠে নামবেন মেসি।
আরটি/এমএস