ধোনি-মুস্তাফিজের ধাক্কা : ফেসবুকে চলছে বিতর্ক (ভিডিও)
ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ধাক্কা লেগে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে হয়েছিলো বাংলাদেশের হয়ে অবিষেক হওয়া মুস্তাফিজুর রহমানকে। কথা হচ্ছে ধাক্কাটি ইচ্ছাকৃত ছিল নাকি ঘটনাচক্রে হয়েছে সেটি নিয়ে এখন চলছে তুমুল বিতর্ক।
টিভি স্ক্রিনে দেখা গেছে রান নেবার সময় ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্রিজের মাঝখানে সজোরে ধাক্কা দেন বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটারে বাংলাদেশি সমর্থকরা ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝাঁড়ছেন।
বোলিং এর পর মুস্তাফিজ সঠিক জায়গায় দাঁড়িয়েছিলেন, নাকি ধোনি রানের জন্য উল্টোপথে দৌঁড়াচ্ছিলেন সেটি নিয়ে এখন বিস্তর আলোচনা হচ্ছে। তবে ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে মুস্তাফিজ বলেন তিনিই ভুল পাশে দাঁড়িয়েছিলেন। আর টিভি রিপ্লে দেখে অনেকেরই মনে হয়েছে ভারতীয় অধিনায়ক হয়তো চাইলে এই ধাক্কা এড়াতে পারতেন।
তবে দুজনেই বলেছেন এই ঘটনা তেমন বড় কিছু নয়। কিন্তু ফেসবুকে অনেক বাংলাদেশি সমর্থক সেটি মানতে নারাজ।|
ফেসবুকে একজন লিখেছেন, `ভৌগোলিক কারণেই কি এই ধাক্কা দিলি রে ধোনি?` ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে আরো একজন লিখেছেন, `ইচ্ছা করেই ভারতের ক্রিকেটার ধোনি কি করলেন দেখেন।`
শুধু তাই নয়। ভারতীয় অধিনায়ককে উদ্দেশ্য করে নানা ধরনের মন্তব্য ও ব্যঙ্গচিত্রে ফেসবুকে প্রকাশ হচ্ছে। একই সঙ্গে চলছে মুস্তাফিজ বন্দনা। অনেকেই তাকে ‘সাতক্ষীরা এক্সপ্রেস’ বলে মন্তব্য করছেন। ভারতীয় ব্যাটিং লাইনকে গুড়িয়ে দিয়ে ১৯ বছর বয়সী সাতক্ষীরার সন্তান মুস্তাফিজুর রহমান ‘জাতীয় বীরে’ পরিণত হয়েছেন।
বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশকে আম্পায়ারের বেশকিছু বিতর্কিত সিদ্ধান্তে হারতে হয়েছিলো বাংলাদেশকে। তাই এই জয়কে অনেকেই ‘বিশ্বকাপের প্রতিশোধ’ হিসেবে বর্ণনা করছেন।
ফেসবুকে কেউ কেউ লিখেছেন ভারতের দুই খেলোয়াড় আলিম দাড় এবং ইয়ান গুল্ডের অভাবেই হারতে হয়েছে তাদের। পরের ম্যাচে তাদের নিয়ে আসার আহ্বান জানান অনেকে।
আরটি/আরএস