বাংলাদেশের সঙ্গে হারায় ভারতীয় গণমাধ্যমে নিন্দার ঝড়
বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশের কাছে ভারতের হারে দেশটির গণমাধ্যমগুলোতে নিন্দার ঝড় উঠেছে।বাংলাদেশের সঙ্গে হারাটা স্বাভাবিকভাবে নিতে পারছে না প্রতিবেশী দেশটির কেউ। পাশাপাশি মুস্তফিজের সঙ্গে ধোনি আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন সবাই।
বাংলাদেশ-ভারত সিরিজকে সামনে রেখে স্টার-স্পোর্টসের এক বিজ্ঞাপনে বলে হয়ে ছিল ‘বাচ্চে আব বাচ্চে নেহি রাহে’। এই নিয়ে বাংলাদেশিদের ক্ষোভ ছিল আগেই। তবে এবার সেই ক্ষোভ গিয়ে পড়লো তাদের নিজেদের উপর।
ভারতের বিপক্ষে বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে বাচ্চা কাকে বলা উচিত এটা নিয়েও বিদ্রুপ করেছে ‘দৈনিক এইবেলা’। ‘বর্তমান পত্রিকা’ সামাজিক মাধ্যমের লেখা তুলে ধরে লিখেছে, তাহলে কি সত্যিই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আম্পায়ারদের কাছ থেকে সুবিধা পেয়েছিলেন ধোনিরা?
অভিষিক্ত মুস্তাফিজকে ছোট বাঘ উল্লেখ করে ‘এই সময়’ লিখেছে ছোট বাঘের দৌরাত্ম্যেই ধোনির দর্পচূর্ণ। প্রশ্ন তুলেছেন ধোনির ভূমিকা নিয়েও। দলের বিপর্যয়ে নিজে কেন পাঁচ নম্বরে ব্যাট করতে আসলেননা। বাংলাদেশ অধিনায়ক যেভাবে সাহস দেখিয়েছেন ভারতীয় অধিনায়ক ছিলেন তার পুরোপুরি উল্টো। চিরচেনা বাংলাদেশ যেখানে এক পেসার দিয়ে টেস্ট খেলে সেই বাংলাদেশ চারজন পেসার নিয়ে খেলেছে। পক্ষান্তরে ধোনি নিজের সেরা একদশ সাজাতে পারেননি। প্রশ্ন তুলেছেন তিন পেসার যখন খেলানো হল স্টুয়ার্ট বিনিকে কেন খেলানো হলোনা। তাকে না খেলানোর সমালোচনাও করেছে প্রায় সবাই। কারণ এই মাঠেই তিনি ৪ রানে ৬ উইকেট নিয়েছেন। ভুবেনেশ্বর কুমারকে নিয়ে ‘আনন্দবাজার’ লিখেছে, ‘ভুবনেশ্বর কুমার যে কোন যুক্তিতে ঘণ্টায় একশো পঁচিশ কিলোমিটার গতি নিয়ে শর্ট করতে থাকলেন, উত্তরটা একমাত্র তারই জানা। কারণ টি-টোয়েন্টি প্রভাবিত বর্তমান ওয়ানডে দুনিয়ায় একশো পঁচিশে শর্ট করে ব্যাটসম্যানকে বিপদে ফেলার স্বপ্ন দেখা যা, পাঁচ হাজার টাকার মাইনের চাকরি করে বিএমডব্লিউ চড়ার স্বপ্ন দেখাও তাই।’
তবে নিজেদের সমালোচনার পাশাপাশি টাইগারদের কৃতিত্বও তুলে ধরেছে কিছু গণমাধ্যম।
আরটি/এসএইচএস/পিআর