টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার, প্রিমিয়াম ভার্সনে কী সুবিধা?
সোশ্যাল মিডিয়া ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মেটা। মেটার সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জন্য প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পরিকল্পনা করছে সংস্থা। এই সাবস্ক্রিপশন বর্তমান ‘মেটা ভেরিভায়েড’ পরিষেবার সঙ্গে সম্পর্কিত নয় এবং এতে এমন কিছু বিশেষ সুবিধা থাকবে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে না।
এতদিন পর্যন্ত অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যেত। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ এবং উন্নত ফিচারের বাড়তে থাকা চাহিদার কারণে মেটা এবার আয়ের বিকল্প পথ খুঁজছে। প্রযুক্তি বিষয়ক একাধিক প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, প্রিমিয়াম প্ল্যানে সংস্থার উন্নত এআই টুল সংযুক্ত করা হতে পারে।
এখন প্রশ্ন হলো হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে কী থাকতে পারে? মেটার উন্নত ‘মানুস এআই এজেন্ট’ এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। এর মাধ্যমে স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরির সুবিধা এবং স্বয়ংক্রিয় বিভিন্ন কাজ আরও সহজ হয়ে উঠবে।
তবে মেটা জানিয়েছে এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া পুরোপুরি ব্যবহারকারীর ইচ্ছার ওপর নির্ভর করবে। যারা টাকা খরচ করতে চান না, তারা আগের মতোই বিনামূল্যে এই অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। মূলত যারা অতিরিক্ত সুবিধা ও উন্নত এআই ফিচার চান, তাদের কথা মাথায় রেখেই এই প্ল্যান।
তবে গোপনীয়তা নিয়ে কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন চালু হওয়ার পর অনেক ব্যবহারকারীরই উদ্বেগ তাদের ডাটা কি ভবিষ্যতে এআই প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে? মেটার দাবি, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নীতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
ব্যবহারকারীরা আদৌ এই প্ল্যানের জন্য অর্থ খরচ করতে রাজি হবেন কি না, তা সময়ই বলে দেবে। এর আগেও পেইড অপশন এনেছিল হোয়াটসঅ্যাপ। ২০০৯ সালে প্রথম এই পরিষেবা সামনে আনা হয়। কিছুদিন পেইড অ্যাক্সেস মডেল চলেছিল।
২০১৬ সালে ইউজার বেস বৃদ্ধির জন্য ওই মডেল সরিয়ে দেয় হোয়াটসঅ্যাপ। তারপর থেকে ব্যক্তিগত ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য কোনো টাকা দিতে হতো না। যদিও বিজনেস ভার্সনের ক্ষেত্রে সাবস্ক্রিপশ-বেসড টুলের সুযোগ রয়েছে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে। এখন সময়ের অপেক্ষা, তবে একথা স্পষ্ট, মেটার এই উদ্যোগ সোশ্যাল মিডিয়ার ব্যবসায়িক মডেলে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে।
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপ কল, চ্যাট ও এআই অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন
হ্যাকারদের রুখতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে