হোমকিট স্মার্ট ডিভাইস আনছে অ্যাপল


প্রকাশিত: ১১:১৯ এএম, ১৬ মে ২০১৫

বাসাবাড়িতে ইন্টারনেট সংযুক্ত স্মার্ট ডিভাইসের ব্যবহার ক্রমাগত বাড়ছে। এ খাতের কথা বিবেচনা করে বিশ্বের শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে বাসাবাড়িতে ব্যবহৃত ইন্টারনেট সংযুক্ত পণ্য বাজারে এনেছে।

সংশ্লিষ্ট খাতে ব্যবসা প্রসারের লক্ষ্যে ২০১৪ সালের জুনে সানফ্রান্সিসকোয় অনুষ্ঠিত অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে ‘অ্যাপল হোমকিট’ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির সফটওয়্যার বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফ্রেডরিক। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে আগামী জুনে অ্যাপল হোমকিট উন্মোচনের ঘোষণা দেয়া হয়েছে।

স্মার্টহোম সংশ্লিষ্ট ডিভাইস জুনে উন্মোচন করা হলেও, এর জন্য প্রয়োজনীয় হোম অটোমেশন সফটওয়ার প্লাটফর্ম চলতি বছরের আগস্ট বা সেপ্টেম্বরে চালু করা হতে পারে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র ট্রুডি মুলার বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যেই হোমকিট সংশ্লিষ্ট হার্ডওয়ার সহজলভ্য হবে। এজন্য আমরা এরই মধ্যে ডজনখানেক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি, যারা হোমকিট অ্যাকসেসরিজ বাজারজাত করতে সহায়তা করবে।’ এছাড়া তিনি জানান, আগামী মাসেই হোমকিট পণ্য আনতে কাজ করছেন তারা।

জুনে উন্মোচনের কথা বলা হলেও, ঠিক কবে নাগাদ বিক্রির জন্য বাজারে ছাড়া হতে পারে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অ্যাপলের সংশ্লিষ্ট বিভাগের এক ডেভেলপারের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম রি/কোড চলতি বছরের শুরুর দিকে জানায়, মে-জুনের মধ্যেই অ্যাপলের স্মার্টহোম সংশ্লিষ্ট পণ্য বাজারে ছাড়া হতে পারে।

গত বছর নভেম্বরে হোমকিট হার্ডওয়ার সার্টিফিকেশন বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে অ্যাপল। বাসাবাড়িতে ব্যবহৃত ইন্টারনেট সংযুক্ত পণ্যের বাজারে প্রবেশ মার্কিন প্রতিষ্ঠানটির ব্যবসায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মোবাইল ডিভাইস ব্যবসার পাশাপাশি স্মার্টহোম সংশ্লিষ্ট পণ্যের বাজারে এরই মধ্যে প্রবেশ করেছে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্যামসাং। ধারণা করা হচ্ছে, স্যামসাংয়ের সঙ্গে টেক্কা দিতেই হোমকিট স্মার্ট ডিভাইসের বাজারে প্রবেশ করছে অ্যাপল।

এসএইচএস/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।