রাবিতে বাংলা সাহিত্য নিয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু শুক্রবার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী শুক্রবার থেকে দুইদিনব্যাপী বাংলা সাহিত্য ও বাংলাদেশের অন্যান্য ভাষার সাহিত্য নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। রাবি বাংলা বিভাগ, বাংলা গবেষণা সংসদ ও বাংলা সমিতি যৌথভাবে ‘বৈচিত্র্যে ঐক্যের অন্বেষা’ শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে।
বিশ্ববিদ্যালয়ে ডিন কমপ্লেক্সে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কলা অনুষদের ডিন অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন সাংবাদিকদের কাছে বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন।
রাবির সিনেট ভবনে শুক্রবার সকাল সাড়ে ৯টায় দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ড.পবিত্র সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন রাবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মিজানুদ্দিন।
৩০ জন ভারতীয় পন্ডিত এতে উপস্থিত থেকে ৪৩টি নিবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া প্রায় ৩৯ জন বিশেষজ্ঞ আলোচনায় অংশ নেবেন।
এছাড়া সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, কবি আসাদ চৌধুরী, অধ্যাপক সনৎকুমার সাহা, অধ্যাপক আব্দুল খালেক, অধ্যাপক খন্দকার সিরাজুল হক, অধ্যাপক জুলফিকার মতিন,অধ্যাপক লায়েক আলী খান, অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক রফিকউল্লাহ খান, অধ্যাপক আজিজুল হক, অধ্যাপক খালেদ হোসেন সেমিনারে অংশগ্রহণ করবেন।
আরএস/পিআর