চবিতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ : ক্যাম্পাসে আতঙ্ক


প্রকাশিত: ০১:৩২ পিএম, ২২ মে ২০১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ ও শিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।

শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, এফ রহমান হলের খেলার মাঠে ফুটবল খেলছিল ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় শিবিরের কয়েকজন কর্মীর সঙ্গে ছাত্রলীগের কর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিবির কর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর পাথর নিক্ষেপ করলে সংঘর্ষ  বাঁধে।

খবর পেয়ে শাহজালাল ও শাহ আমানত হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে ঘটনাস্থলে পৌঁছলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবির কর্মীরা আলাওল ও এফ রহমান হলের ভিতরে এবং ছাত্রলীগ কর্মীরা হলের বাইরে অবস্থান নেওয়ার পর উভয়পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা দুই হলের ভিতর প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় শিবির কর্মীরা হল ছেড়ে পালিয়ে যায়।  

হাটহাজারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সালাউদ্দিন চৌধুরী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

এছাড়া উদ্ভুত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।