বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে সিকৃবিতে মানববন্ধন
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে সচিব কমিটির বৈষম্যমূলক সুপারিশের প্রতিবাদে মানববন্ধন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতি। সোমবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মৃত্যুঞ্জয় কুন্ডের সঞ্চালনায় মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞার সভাপতিত্বে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা প্রস্তাবিত বেতন কাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করে তা পুনর্নির্ধারণের দাবি জানিয়ে বলেন, প্রস্তাবিত বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘অবমূল্যায়ন’ করা হয়েছে।
শিক্ষক নেতারা বলেন, সিনিয়র অধ্যাপকদের বেতন স্কেল সিনিয়র সচিবদের সমান ও অধ্যাপকদের বেতন স্কেল পদায়িত সচিবদের সমান করে পুনর্নির্ধারণের এবং শিক্ষকদের সিলেকশন গ্রেড ও টাইম স্কেল রাখা এবং সহযোগী-সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো অধ্যাপকদের বেতনের সঙ্গে সামজ্ঞাস্যপূর্ণ করার দাবি জানান।
ছামির মাহমুদ/এআরএ/পিআর