রাবিতে জাতিসংঘ বিষয়ক কর্মশালা
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশন (আরইউমুনা) এর উদ্যোগে জাতিসংঘ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্স ভবনের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক ঘোষ আপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন। বিশেষ অতিথি ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, ব্রাক ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের (বিইউমুনা) সাধারণ সম্পাদক রাতুল দেব, সোশাল বিজনেস ইয়ুথ নেটওয়ার্কের সদস্য কাজী সৌমিক, ফাহমিদা আফরোজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ছাদেকুল আরেফিন মাতিন বলেন, আরইউমুনা`র মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের পেশাদারিত্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আগামী প্রজন্ম গঠনে এবং বাংলাদেশকে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে এ ধরনের সংগঠনে যোগদানের কোনো বিকল্প নেই।
তিনি আরো বলেন, এ ক্যাম্পাসে ৮০`র দশকে কিছু সাংস্কৃতিক সংগঠন ছাড়া সামাজিক কোনো সংগঠন ছিল না। ৯০ এর দশকে এ ধরনের সংগঠনগুলোর পথ চলা শুরু হওয়ার পর আমরা দ্রুত উন্নতি লাভ করেছি। সাধারণ শিক্ষার্থীরা আরইউমুনা`র মতো সংগঠনগুলো থেকে সরাসরি উপকৃত হচ্ছে।
অনুষ্ঠানে আরইউমুনা`র সদস্যসহ দেড় শতাধিক সাধারণ শিক্ষার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় তাদের জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ড এবং ক্যারিয়ার সম্পর্কে ধারণা দেওয়া হয়।
রাশেদ রিন্টু/এআরএ/পিআর