যশোরে দু’দল সন্ত্রাসীর গোলাগুলিতে নিহত ১


প্রকাশিত: ০২:২১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

যশোরে দু’দল সন্ত্রাসীর গোলাগুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, যশোর-ঝিনাইদহ মহাসড়কের মথুরাপুর এলাকায় দু’দল সন্ত্রাসীর গোলাগুলি চলছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে দেয়।

সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তবে পুলিশ নিশ্চিত না করলেও মরদেহটি পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া ছিনতাইকারী আজাদুর রহমান টোকনের হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বাঘারপাড়ায় ছিনতাইকালে এই টোকনসহ তিনজন গণপিটুনির শিকার হন। পরদিন পুলিশি হেফাজতে বাঘারপাড়া থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে টোকনের সহযোগীরা বোমা ফাটিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। টোকন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের আব্বাস মন্ডলের ছেলে ও দশ বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি।

মিলন রহমান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।