বান্দরবানে হরতাল আরও ২৪ ঘণ্টা বাড়লো
জেএসএস সভাপতি সন্তু লারমার আগমন ঠেকাতে বান্দরবানে হরতাল কর্মসূচি বাড়িয়ে ৭২ ঘণ্টা করা হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জরুরি বৈঠকে মঙ্গলবার দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাগো পার্বত্যবাসী সংগঠনের দায়িত্বশীল নেতা আবিদুর রহমান।
এর আগে সকালে প্রেসক্লাবে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করেছিলেন সংগঠনের নেতারা।
সংগঠনের নেতা আবিদুর রহমান বলেন, ‘আমরা মনে করি পাহাড়ে চাঁদাবাজি-সন্ত্রাস, অপহরণ ও হত্যার জন্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) দায়ী। পাহাড়ি জেলা বান্দরবান নিয়ে নতুন ষড়যন্ত্র করতে বুধবার তিনদিনের সফরে সন্তু লারমার বান্দরবান আসার কথা রয়েছে। পরিকল্পিতভাবে পাহাড়ে অশান্তি সৃষ্টিকারী সন্তু লারমাকে কোনোভাবেই বান্দরবান জেলায় প্রবেশ করতে দেওয়া হবে না। তার আগমন ঠেকাতেই বুধবার থেকে বান্দরবান জেলায় টানা ৭২ ঘণ্টার হরতাল ডাক দেওয়া হয়েছে। যে কোনো মূল্যে সন্তু লারমার আগমন প্রতিহত করা হবে।’
সংগঠনের অপর নেতা আব্দুল জলিল বলেন, ‘পাহাড়ি-বাঙালি সবাই অস্ত্রধারী সন্তু বাহিনীর হাতে জিম্মি। স্থানীয় পাহাড়ি ও বাঙালি সবাই পাহাড়ে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধে ঐক্যবদ্ধ হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ওয়ার্ডে ওয়ার্ডে সন্ত্রাস নির্মূল করতে জাগো পার্বত্যবাসীর কমিটি গঠন করা হচ্ছে। হরতাল কর্মসূচি চলাকালে অভ্যন্তরীণ সবগুলো রুটে এবং নৌপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-সংগঠনের শ্রমিকনেতা মোহাম্মদ কামাল, যুবনেতা গোলাম সরোয়ার সোহাগ, আব্দুল আলীম মুন্না, বাঙ্গালী ছাত্র পরিষদের নেতা শাহাদাত হোসেন, শ্রমিকনেতা মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।
এসআরজে