বৃহস্পতিবার থেকে রাজশাহীতে পরিবহন ধর্মঘট
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ও শাহমখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।
বুধবার দুপুরে নগরীর শিরোইল বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শেষে পরিবহণ মালিক-শ্রমিক সংগঠনের নেতারা এক সমাবেশে এ কর্মসূচির ডাক দেয়।
ঘুষ দাবিসহ নানা অনিয়মের প্রতিবাদে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ও শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে নেতারা বুধবার দুপুরে এ ধর্মঘটের ডাক দেন।
সমাবেশে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাব আলী বলেন, গত ১ মার্চ ভোরে শিরোইল বাস টার্মিনালে দুর্বৃত্তরা হানিফ পরিবহণের দুইটি বাস পুড়িয়ে দেয়। এ ঘটনায় হানিফ পরিবহণের পক্ষ থেকে মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে নিজের ইচ্ছেই মামলা করেছে। যেখানে দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক আনু মোস্তফাসহ অনেক নিরাপরাধ মানুষকে মামলায় জড়িয়েছে। তারা এই সাজানো মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানান।
জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মাইনুল হক শাহমখদুম থানা পুলিশের ওসি মিজানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার দুই শ্রমিক রহিম ও মাইনুলকে সোমবার পুলিশ আটক করে নির্যাতন চালায়। তাদের ছাড়িয়ে নিতে গেলে পুলিশ মোটা অংকের ঘুষ দাবি করে।
এসময় শ্রমিক নেতা আব্দুল মোমিন, গাজীউর রহমান গাজী, পারভেজ, সিএনজি মালিক শ্রমিক নেতা শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএএস/আরআই