পেট্রাপোল সীমান্তে স্বর্ণের বারসহ ২ ভারতীয় আটক
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের বিপরীতে ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশ দুই জন ভারতীয় পাসপোর্টধারী কাশ্মিরী নাগরিকদের কাছ থেকে ৪৬টি (৪ কেজি ৬ শ’ গ্রাম) স্বর্ণের বারসহ আটক করেছে। শনিবার বিকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়। তবে আটককৃতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।
চেকপোস্ট সূত্রে জানা যায়, ওই দু‘জন পাসপোর্টধারী যাত্রী ঢাকা থেকে বিমানে যশোর যায়। পরে সেখান থেকে বিকালে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক কাস্টমস হাউজে যায়। কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষে ভারতীয় পেট্রাপোল চেকপোস্ট কাস্টমস পার হয়ে ইমিগ্রেশনে যান। ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আগে থেকে স্বর্ণ পাচারের তথ্য থাকায় ইমিগ্রেশনে প্রবেশের সাথে সাথে ভারতীয় পুলিশের গোয়েন্দা সদস্যরা তাদের দু’জনকে আটক করে। পরে তাদের সাথে থাকা একটি টেলিফোন সেট ও পায়ের জুতার মধ্য থেকে ৪৬টি স্বর্ণের বার জব্দ করে। যার ওজন ৪ কেজি ৬শ গ্রাম বলে জানা যায়।
|
নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় এক কুলি জানায়, আমি নিজে ওই দু’জন পাসপোর্টযাত্রীর ব্যাগ কাষ্টমস পার হয়ে ইমিগ্রেশনে নিয়ে যাই। এ সময় সাদা পোশাকের পুলিশ তাদের আটক করে ব্যাগ ও জুতার সোলের মধ্যে তল্লাশি করে স্বর্ণের বারগুলো পায়। পরে পুলিশ আমাকে চলে যেতে বলে।
বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম জানান, চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশির বিষয়টি কাষ্টমস কর্তৃপক্ষের। কিভাবে স্বর্ণের বারগুলো পাসপোর্টযাত্রীরা কাষ্টমসের চোখ ফাঁকি দিয়ে ভারতে নিয়ে গেল এটা জানা নেই।
মো. জামাল হোসেন,আরএস