খুলনায় চলছে পাট শ্রমিকদের সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি


প্রকাশিত: ০৭:১৮ এএম, ১৪ জুন ২০১৫

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে। ১৮ দিনের কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১০টায় এই অবরোধ কর্মসূচি শুরু হয়। চলবে দুপুর ২টা পর্যন্ত ।

শ্রমিকরা যে স্থানগুলোতে অবরোধ কর্মসূচি পালন করছেন সেগুলো হচ্ছে মহানগরীর নতুন রাস্তা মোড়, আটরা গিলাতলা এলাকার আলিম ও ইস্টার্ণ জুট মিল গেটের মাঝামাঝি ও রাজঘাট এলাকা। এদিকে সড়ক ও রেলপথ অবরোধ করায় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। খুলনার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।    

বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন বলেন, সকাল ১০টায় মিছিল সহকারে এসে নির্ধারিত স্থানে আমাদের কর্মসূচি শুরু হয়ে গেছে।

তিনি জানান, পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে অবিলম্বে মিলগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনমুখী করার জন্য পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, পাট পণ্যের দেশীয় বাজার সুরক্ষা ও সম্প্রসারণ করার জন্য প্রণীত আইন-২০০২ ও ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট ২০১০ বাস্তবায়ন, পে-কমিশনের ন্যায় রাষ্ট্রায়ত্ত শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, ১ জুলাই ২০১৩ ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান ও খালিশপুর, দৌলতপুর, জাতীয়, এবং কর্ণফুলী জুট মিলের শ্রমিকদের স্থায়ীকরণ এই ৫ দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। যার ধারাবাহিকতায় আজকের এ অবরোধ।

তিনি বলেন, খুলনাঞ্চলে ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, খালিশপুর, আলীম, ইস্টার্ণ জুট মিল এবং যশোরের জেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এ কর্মসূচি পালন করছে।

আলমগীর হান্নান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।