মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আরও একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০৮ জুলাই ২০১৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রোজিনা আক্তার (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার রাতে দু'গ্রুপের সংঘর্ষে সুজন মিয়া (২৩) নিহত হন এবং ইউনিয়ন পরিষদ সদস্যসহ আরও ১০ জন আহত হয়েছেন। নিহত রোজিনা আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়ার মধ্যচর এলাকার বাবুল মিয়ার স্ত্রী ও সুজন মিয়া ওই গ্রামের আবুল হাসেমের ছেলে। এ ঘটনায় দুপুরে নিহত সুজন মিয়ার ভাই রবি মিয়া বাদী হয়ে বাবুল, কবির, হযরত আলীসহ ৩১ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, শনিবার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামের যুবলীগ নেতা বাবুল তার বাড়ির সামনে মেঘনা নদীর সংলগ্ন খালে মাছ ধরার জন্য চাইপাতা পাততে যান। এতে বাধা দেন স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়াসহ তার লোক সুজনসহ অন্যরা। এতে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় সুজন মিয়া নিহত হন। এ ছাড়া আহত হয় ইউনিয়ন পরিষদ সদস্য লিটন, বাবুল, আছমা, রোজিনা আক্তার, হযরত আলী, আবুল হাসানসহ ১৫ জন আহত হন। পরে আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি এমএ হক বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে দুইজনের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত সুজন মিয়ার ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শাহাদাত হোসেন/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।