বিদেশে আয়কর সেল খুলবে এনবিআর
বিদেশে অবস্থিত বাংলাদেশের ১২টি মিশনে আয়কর সেল খুলতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর আদায় বাড়াতে এবং আন্তঃদেশীয় কর অপরাধ তদন্তে এ আয়কর খোলা হবে বলে এনবিআর সূত্র জানায়।
এ জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে একটি প্রতিবেদন পাঠানো হচ্ছে। কমিটির অনুমোদনের পর বাকি কাজ শুরু হবে। কমিটির অনুমোদনের পর বিদেশ মিশনগুলোতে প্রথম সচিব আয়কর পদ সৃষ্টি করা হবে। এ সব পদে অতিরিক্ত ও যুগ্ম-কর কমিশনার পদমর্যাদার কর্মকর্তাদের পদায়নে প্রস্তাব দেওয়া হয়েছে।
বিদেশে যে সব মিশনে আয়কর সেল খোলার প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), চীন, যুক্তরাষ্ট্র, ভারত, সিঙ্গাপুর, জাপান, মালয়েশিয়া, কানাডা, হংকং, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড।
এনবিআর কর্মকর্তাদের মতে, অনেক প্রবাসী বাংলাদেশি আছেন যারা আয়কর দিতে চান। তাদের মধ্যে অধিকাংশই দ্বৈত নাগরিক। কিন্তু সময় ও সুযোগের অভাবে কর দিতে বাংলাদেশে আসতে পারেন না তারা। এ সব প্রবাসীর কথা মাথায় রেখে বিদেশ মিশনে আয়কর সেল খোলা হচ্ছে।
বিদেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনা, বাড়িঘর ক্রয়-বিক্রয়, দ্বৈত নাগরিকের আয়, আন্তর্জাতিক লেনদেনের তথ্য সংগ্রহ ও দেশে প্রেরণ, আন্তঃদেশীয় কর অপরাধ তদন্ত, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিতে কর সুবিধার বিষয়গুলো বিদেশি বিনিয়োগকারীদের অবহিত করবে এ সেল।
বিএ/আরআইপি