ভাইরাল কার্ডে ফাঁস বিয়ের দিন? মুখ খুলছেন না রাশমিকা-বিজয়
চলতি মাসের শুরু থেকেই ব্যাপক জল্পনা-কল্পনা- উদয়পুরে বসছে বিয়ের আসর, পাত্র-পাত্রি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। যদিও রাশমিকার ঘনিষ্ঠ সূত্র আগেই জানিয়েছিল, বিয়ের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। তবুও গুঞ্জন থামেনি। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে একটি কথিত বিয়ের আমন্ত্রণপত্র।
প্রথমে শোনা যায়, উদয়পুরের ৪০০ বছরের পুরনো এক প্রাসাদে নাকি গোপনে বিয়ে সারবেন এই তারকাজুটি। ঘনিষ্ঠ পরিবার ও পরিজনদের উপস্থিতিতেই হবে অনুষ্ঠান-এমনটাই দাবি করা হয়। আর এবার ভাইরাল হওয়া আমন্ত্রণপত্রে দাবি করা হয়েছে, ২৬ ফেব্রুয়ারিই নাকি বিয়ের দিন।
কার্ডটি লেখা হয়েছে বিজয়ের বয়ানে-এমনটাই জানা যাচ্ছে। সেখানে উল্লেখ রয়েছে, বিয়ের আসর হবে সীমিত পরিসরে। তবে বিয়ের পর বিশেষ উদ্যাপনের আয়োজন রাখা হয়েছে। হায়দরাবাদের কৃষ্ণ বানজারা হিল্সে আগামী ৪ মার্চ নাকি প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। কাছের বন্ধুবান্ধব ও পরিচিতদের সেখানে আমন্ত্রণ জানানো হবে বলেও দাবি করা হয়েছে।
তবে এই আমন্ত্রণপত্রের সত্যতা এখনও নিশ্চিত নয়। বিয়ের স্থান নিয়েও রয়েছে ধোঁয়াশা। যদিও রোববার রাতে হায়দরাবাদ বিমানবন্দরে আলাদা আলাদাভাবে দেখা গেছে রাশমিকা ও বিজয়কে। অনুরাগীদের একাংশের অনুমান, বিয়ের প্রস্তুতি সারতেই হয়তো তারা উদয়পুরের পথে।
আরও পড়ুন:
গুঞ্জন থামিয়ে স্পষ্ট বার্তা দিলেন রণবীর কাপুর
ভারতজুড়ে বিতর্কের ঝড়, এ আর রহমানের বিরুদ্ধে চুরির মামলা
উল্লেখ্য, ২০১৭ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমার সেটে প্রথম পরিচয় হয় তাদের। পরে ‘ডিয়ার কমরেড’ সিনেমাতে একসঙ্গে কাজ করার পর থেকেই সম্পর্কের গুঞ্জন ছড়ায়। গত ৩ অক্টোবর তাদের বাগ্দান সেরেছেন বলেও শোনা যায়। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খোলেননি এই দুই তারকা।
এখন দেখার, ২৬ ফেব্রুয়ারি সত্যিই কি বিয়ের ঘণ্টা বাজে, নাকি এ সবই নিছক গুঞ্জন!
এমএমএফ