টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’, চতুর্থ দিনে দর্শকের ঢল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে চলচ্চিত্র উৎসব। ছবি: জাগো নিউজ

টিএসসিতে ঢুকতেই দেখা গেল তরুণ অভিনেতা মাসুম রেজওয়ানকে। সেখানে চলছে প্রদর্শনী ‘আমার ভাষার চলচ্চিত্র’। তার অভিনীত ‘নীলচক্র’ দেখানো হবে। নিজের সিনেমার টিকেট কিনছেন তিনি। ততক্ষণে টিকিট কাউন্টারে লম্বা লাইন। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ একা। কারও হাতে দুটি, কারও হাতে পাঁচটি টিকিট। টিএসসি আঙিনা আজ উৎসবমুখর।

ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল উত্তরাধিকার এবং বাংলা চলচ্চিত্রের প্রতি গভীর অনুরাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) আয়োজনে গত ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে ঢাকায় বাংলা সিনেমার অন্যতম নিয়মিত উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র’-এর ২৪তম আসর। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ (৬ ফেব্রুয়ারি) শুক্রবার উৎসবের চতুর্থ দিন। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রবিউল ইসলাম রবি এসেছিলেন সিনেমা দেখতে। দর্শন বিভাগে পড়াশোনা করতেন তিনি, এখন কাজ করছেন একটি বেসরকারি ব্যাংকে। স্ত্রী ও কন্যাকে সঙ্গে এনেছেন। জাগো নিউজকে বললেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এই উৎসবে সিনেমা দেখেছি। আজ পরিবারকে নিয়ে এলাম।’ তিনি জানালেন, তাদের আরো কজন বন্ধু আসছেন। পরপর দুটো শো দেখবেন তারা। সেই সুবাদে সবার সঙ্গে দেখাও হয়ে যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্য রাইয়ান জাগো নিউজকে জানান, প্রত্যেক শোতে প্রায় শতাধিক দর্শক সিনেমা দেখছেন। রাইয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ছাড়াও সাবেক শিক্ষার্থীদের অনেকে আসেন এ উৎসবে সিনেমা দেখতে।’

অভিনেতা মাসুম রেজওয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে এ রকম আয়োজন বেশি বেশি করা উচিত। তাতে আমাদের সিনেমাগুলো ইয়াং পিপলদের কাছে বেশি বেশি পৌঁছাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রতিবছর আমাদের সিনেমাগুলো দেখাচ্ছে, এ জন্য তাদের ধন্যবাদ জানাই।’

টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’, চতুর্থ দিনে দর্শকের ঢল

আজ উৎসবে দেখানো হলো তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘বেদের মেয়ে জোছনা’! এটি ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্রের সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্রের রেকর্ড ধরে রেখেছিল। তারপরই ‘নীলচক্র’ ছবির প্রদর্শনী। গত বছরের শেষদিকে ‘নীলচক্র’ মুক্তি পায়। এ ছবিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। ট্রেন্ডি ও সমসাময়িক গল্পে ‘নীলচক্র’ বানিয়েছেন মিঠু খান। আমেরিকান ফিল্ম মার্কেটে আন্তর্জাতিক প্রিমিয়ার হয় ছবিটির। নীলচক্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় দেখা গেছে সংগীতশিল্পী বালামকে।

আরও পড়ুন:
রাজশাহীতে ‘মোতাখানার পোস্টার’ 
ভ্যালেন্টাইনে ‘যে কথা হয়নি বলা’ 

সবশেষে আজ দেখানো হবে ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবে অফিসিয়ালি সিলেকশন পাওয়া ‘অন্যদিন...’। ২০১৬ সালে লোকার্নো উৎসবের পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের প্রথম কোনো নির্মাতা হিসেবে ‘ফিচারড ডিরেক্টর’র সম্মাননা পান ছবিটির নির্মাতা কামার আহমাদ সাইমন। সেই সঙ্গে ফ্রান্স থেকে আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছিল ছবিটি।

এমআই/এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।