পশ্চিমবঙ্গে নির্বাচন

তৃণমূলের চেয়ে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে গেলো বিজেপি

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০১ পিএম, ০৪ মে ২০২৬
বিজেপির মিছিল/ ফাইল ছবি: পশ্চিমবঙ্গ বিজেপি

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় তৃণমূল কংগ্রেসের চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যবধানে এগিয়ে গেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শেষ খবর পাওয়া পর্যন্ত, অষ্টম রাউন্ড ভোট গণনা শেষে দলটি এগিয়ে রয়েছে ১৯৪ আসনে। মমতা ব্যানার্জীর দল মাত্র ৯৪ আসনে এগিয়ে।

ভবানীপুর আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী। নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলোচিত অন্য নেতাদের মধ্যে বেলেঘাটায় এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কুনাল ঘোষ, কলকাতা পোর্ট এগিয়ে রয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রেজিনগরে এগিয়ে রয়েছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির।

পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট আসন ২৯৪টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৮টি আসন। একটি আসনের নির্বাচন স্থগিত হওয়ায় এদিন ২৯৩টি আসনের ফল ঘোষণা করা হবে।

এর আগে, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছিল ২১৫টি আসন। বিজেপির ঝুলিতে ছিল ৭৭টি আসন এবং বাকি দুটি আসন পেয়েছিল অন্যরা।

এদিকে ভোট গণনায় পিছিয়ে থাকলেও তৃণমূল নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেন, প্রার্থী ও এজেন্টরা এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রংরুম, যেখানে গণনা হচ্ছে, সেটা ছেড়ে কেউ আসবেন না। এগুলো বিজেপির প্ল্যান। আগেই বলেছিলাম, প্রথম দু-তিন রাউন্ডে ওদেরগুলো আগে দেখাবে।

ভোট গণনা বন্ধ রাখার অভিযোগ তুলে মমতা ব্যানার্জী বলেন, ১০০ জায়গায় গণনা বন্ধ করে রেখেছে। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারদিকে তৃণমূলের ওপর অত্যাচার করছে, অফিস ভাঙছে। এসআইআরে নাম কেটে কার্যত ভোট লুট করেছে বিজেপি। যেসব জায়গায় তৃণমূলে জেতার সম্ভাবনা ছিল, সেখানে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে।

তৃণমূল সুপ্রিমো দাবি করেন, এখনো এমন ৭০ থেকে ১০০ আসন রয়েছে, কিন্তু সেই ফল প্রকাশ করা হচ্ছে না।

ডিডি/কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।