বৈঠকে বসছেন জাপান, চীন ও কোরিয়া


প্রকাশিত: ১২:০৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

বৈঠকে বসছেন জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। গত তিন বছরের মধ্যে এই প্রথমবারের মতো তারা বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী মাসে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার সংবাদ মাধ্যমের খবরে একথা বলা হয়।বৈঠকটিকে পূর্ব এশিয়ায় উত্তেজনা প্রশমনের ক্ষেত্রে একে একটি লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।
 
২০১২ সালের পর থেকে এ ধরণের উচ্চ পর্যায়ের এটি হবে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। ইয়োমিউরি শিম্বুনের খবরে বলা হয়, জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউন বিউং-সি মার্চ মাসের শেষের দিকে সিউলে বৈঠকে বসবেন।দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ একই ধরণের বৈঠকের খবর জানিয়েছে।

জাপানের চীফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহাইদ সুগা এ বৈঠকের খবর নিশ্চিত করে বলেন, কূটনীতিকরা বৈঠকের তারিখ ও স্থান সমন্বয় করছেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।

গত নভেম্বরে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামের সম্মেলনের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের করমদনের মধ্যদিয়ে সম্পর্কের বরফ গলার পর এ বৈঠকের খবর আসলো।

উল্লেখ্য, পূর্ব চীন সাগরে বসতিহীন দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে জাপান ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

ইয়োমিউরি জানায়, পরিকল্পিত এ বৈঠকে অর্থনীতি, জ্বালানি, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি মোকাবেলায় ছয় জাতি আলোচনা ও সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।