মহারাষ্ট্রে গরুর গোশত বিক্রি ও খাওয়ার নিষেধাজ্ঞা বহাল


প্রকাশিত: ০২:১৩ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

ভারতের মহারাষ্ট্র রাজ্যে গরুর গোশত বিক্রি ও খাওয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে মুম্বাই হাইকোর্ট। বুধবার বিচারপতি ভিএম কানাডে এবং বিচারপতি এমএস সোনাকের সমন্বয়ে গঠিত বেঞ্চ মহারাষ্ট্র সরকারের জারি করা নিষেধাজ্ঞাকে বৈধ বলে জানিয়ে দিয়েছেন। তবে আগামী তিন মাস এই আইন প্রয়োগ করা নিয়ে কোনোরকম বল প্রয়োগ করা যাবে না বলে আদালত জানিয়েছে।

আদালত আরও জানিয়ে দিয়েছে, পুলিশ যেন কোনো নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ না করে। তারা কারো ঘরে ঢুকে গরুর গোশত রান্না হচ্ছে কি না, তা যেন না দেখতে যান। আদালতের পক্ষ থেকে মহারাষ্ট্র সরকারকে একটি বিস্তারিত হলফনামা জমা দেয়ার নির্দেশ দিতে বলা হয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে। এ নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ২৫ জুন।

আগেই গরু জবাই এবং গরুর গোশত নিষিদ্ধ করেছিল রাজ্য সরকার। গত মার্চ মাসে প্রেসিডেন্টের সম্মতি পায় মহারাষ্ট্র সরকারের পশু সংরক্ষণ (সংশোধনী) বিল। এরপর থেকে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার কঠোর শাস্তির ব্যবস্থা রেখে গরুর গোশত বিক্রি বা কাছে রাখা নিষিদ্ধ ঘোষণা করে।

এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টে বেশ কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। আবেদনকারীদের মধ্যে ছিলেন সিনিয়র আইনজীবী হরেশ জগতিয়ানি, আরিফ কাপাডিয়া এবং হিন্দু-মুসলিম-খৃস্টান যৌথ সম্প্রদায়ের আরও ২৯ জন বাসিন্দা।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।