সিরিয়ায় আসাদ সরকারের বিমান হামলায় নিহত ২১
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর বিমান হামলায় ছয় শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে।
বুধবার উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পো ও ইদলিবে এই হামলা চালানো হয়েছে বলে সিরিয়ার একটি মানবাধিকার সংস্থার সূত্রে এক প্রতিবেদনে বুধবার জানিয়েছে এএফপি।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, আলেপ্পোর ফেরদাসে বিমান হামলায় চার জন নিহত হয়েছে। এদের মধ্যে এক কন্যা শিশুও রয়েছে।
একই প্রদেশের দির হাফার ও ব্যাবে বিমান হামলায় নিহত হয়েছে সাত জন। এছাড়া আহত হয়েছে অন্তত আরও ৫০ জন।
যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থাটি আরও জানায়, ইদলিবে বিমান হামলায় নিহত হয়েছে ১০ জন। এদের মধ্যে পাঁচজন শিশু।
২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের এক পরিসংখ্যান অনুযায়ী, এই যুদ্ধে দুই লাখ ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
এসআরজে