বাগদাদে গাড়িবোমা হামলায় ১৩ জন নিহত
বাগদাদে গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন। শহরের কারাদা এলাকায় জনপ্রিয় একটি রেস্তোরাঁয় এ গাড়িবোমা হামলা চালানো হয়। শনিবারের এই হামলা এ বছর ইরাকের রাজধানীতে যতোগুলো মারাত্মক হামলা চালানো হয় এর মধ্যে অন্যতম।
পুলিশের একজন কর্নেল বার্তাসংস্থা এএফপিকে জানান, কারাদা এমন একটি এলাকা যেখানে বিভিন্ন দোকানপাট ও রেস্তোরাঁয় ঠাসা। সেখানে শনিবার রাতে সপ্তাহান্তে ব্যাপক জনসমাগম থাকে। এই সময়কালে এ হামলা চালানো হয়।
এদিকে বৃহস্পতিবার বিভিন্ন গাড়িবোমা হামলায় ইরাকে ১১ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হন। এছাড়া সোমবার বাগদাদে দু’টি গাড়িবোমা হামলায় আরও ৯ জন নিহত হন।
সুন্নি অধ্যুষিত একটি প্রদেশ থেকে অনেককে বিতাড়িত করে দেয়ার প্রতিশোধ নিতেই ইসলামী স্টেট (আইএস) সন্ত্রাসী গ্রুপ বাগদাদের শিয়া অধ্যুষিত বিভিন্ন জেলায় এসব হামলা চালায় বলে দায়িত্ব স্বীকার করেছে।
উল্লেখ্য, সম্প্রতি চালানো এসব হামলা সত্ত্বেও গত বছরের একই সময়ের তুলনায় সেখানে হামলার ঘটনা অনেক কমে গেছে।
বিএ/পিআর