ত্রিভুবনে বড় বিমান ওঠানামায় নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৩ মে ২০১৫

২৫ এপ্রিলের ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এক সপ্তাহ পর রোববার বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরটি। বড় বিমানগুলোর ওঠানামার ক্ষেত্রে এই নির্দেশ জারি হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছোট ও মাঝারি প্লেনগুলোই শুধু ওঠা-নামা করতে পারবে বলে বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে।

ত্রিভূবনের একমাত্র রানওয়ে দিয়ে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার কর্মীদের যাতায়াত ও ত্রাণ পরিবহণ ব্যবস্থা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছিল না বলেই এ ধরণের আদেশ জারি করা হয়।

এ ব্যাপারে ত্রিভূবন বিমানবন্দরের ব্যবস্থাপক বীরেন্দ্র শ্রেষ্ঠ জানান, রানওয়ের ওপর অতিরিক্ত চাপ পড়ে যাওয়ায় বড় প্লেনগুলোর ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়েছে। এটি শুধুমাত্র মাঝারি ধরনের প্লেনের কথা মাথায় রেখেই তৈরি। ভূমিকম্পের পর থেকেই সেনাবাহিনীর প্লেন ও মালবাহী কার্গো প্লেনগুলো ওঠা-নামা শুরু করেছে।

বীরেন্দ্র শ্রেষ্ঠ আরও জানিয়েছেন, এর ফলে রানওয়েতে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে বিমানবন্দরটি সম্পূর্ণভাবে বিমান চলাচলে অযোগ্য হয়ে পড়বে। বন্দর সূত্রে জানা গেছে, এক রানওয়ে বিশিষ্ট ত্রিভূবন বিমানবন্দরে মাত্র নয়টি জেট এক সঙ্গে রাখার ব্যবস্থা রয়েছে।

এদিকে, আট দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পে নেপালে শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ হাজার ৪০ জনের নিহত হয়েছেন বলে জানা গেছে।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।