তামিল নেতাদের সঙ্গে কেরির বৈঠক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শ্রীলংকার শীর্ষ তামিল নেতাদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে দেশটি সফর শেষ করেছেন। কয়েক দশক ধরে জাতিগত যুদ্ধের পর দ্বীপরাষ্ট্রটিতে ঐক্য প্রতিষ্ঠায় সরকারকে চাপ প্রয়োগের জন্য তিনি এ সফরে আসেন।
শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও তার সরকারের সঙ্গে আলোচনার একদিন পর কেরি জাতিগত সংখ্যালঘুদের প্রধান রাজনৈতিক দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের (টিএনএ) নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
মার্কিন কর্মকর্তারা বলেন, রাজধানীর কলম্বোতে কেরির হোটেলে টিএনএ নেতা রাজাভারোথিয়াম সম্পানথান ও দলের অন্যান্য সিনিয়র কর্মকর্তার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক সিরিসেনার নতুন সরকারের অনেক প্রশংসা করেন। গত জানুয়ারি মাসের নির্বাচনে মাহিন্দ রাজাপাকসেকে পরাজিত করে তিনি ক্ষমতায় আসেন।
শ্রীলংকায় ৩৭ বছর ধরে চলা তামিল বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ অবসানের ছয় বছর পর শ্রীলংকায় ‘প্রকৃত ঐক্য’ নিশ্চিত করতে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন কেরি। তামিলদের সঙ্গে দীর্ঘ এ যুদ্ধে এক লাখ লোকের প্রাণহানি ঘটে বলে দাবি করা হয়।
শনিবার দেয়া বক্তব্যে কেরি যুদ্ধের শেষ পর্যায়ে হাজার হাজার লোকের নিখোঁজ হওয়ার ঘটনা তদন্তের জন্য দীর্ঘ দিনের তামিলদের দাবির প্রতিধ্বনি করেন। উল্লেখ্য, ২০০৯ সালের মে মাসে শ্রীলংকার ভয়াবহ সংঘাতের অবসান ঘটে।
বিএ/আরআই