উত্তরপ্রদেশে দুই নবজাতককে বলি : এলাকায় চাঞ্চল্য


প্রকাশিত: ০৫:৫১ এএম, ০৪ মে ২০১৫

ভারতের উত্তরপ্রদেশে দুই নবজাত শিশুকে বলি দেয়ার ঘটনায় প্রদেশটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রদেশের হরদই শহর সংলগ্ন একটি গ্রামে এই বর্বরোচিত ঘটনা ঘটেছে। রোববার একটি হিন্দি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শিশুদের দুটি হাত এবং একটি করে পা কেটে ফেলা হয়েছে। ঘটনাস্থলে পুজোর সামগ্রী এবং লাল কাপড় মেলায় এটি বলির ঘটনা বলে মনে করা হচ্ছে।

উত্তরপ্রদেশের রদ্দেপুরওয়া গ্রামের একটি ইটভাটার পাশের ময়দানে শনিবার সকালে ওই নবজাত শিশুদের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। শিশুদের দুটি করে হাত এবং একটি করে পা কেটে আলাদা করে ফেলা হয়েছে!

গ্রামবাসীরা জানিয়েছেন, ঘটনাস্থলে একটি লাল রঙয়ের কাপড়ে আগরবাতি, ধূপবাতি, পানের পাতা, তেলের শিশি, ম্যাচিস এবং কিছু টাকাসহ অন্যান্য সামগ্রী পাওয়া গেছে। খবর জানাজানি হলে বহু লোকের ভিড় জমে যায় সেখানে। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।

জেলা পুলিশ কর্মকর্তা বি সি দুবেসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে তাদের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাস্থলে ওই শিশুদের কাটা হাত-পা পাওয়া যায়নি।

অন্য কোথাও এদের হাত-পা কাটা হয়েছে বলে মনে করছেন তদন্ত কর্মকর্তারা। ঘটনাস্থল থেকে পুলিশ পুজোর জিনিসপত্র নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।