পারমাণবিক বোমা তৈরির উপযোগী ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১১ পিএম, ১২ মে ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র/ ফাইল ছবি: ফার্স নিউজ

ইরানের ওপর ফের হামলা হলে দেশটি ৯০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় স্তর বলে বিবেচিত। মঙ্গলবার (১২ মে) ইরানি পার্লামেন্টের মুখপাত্র ইব্রাহিম রেজায়ি এই হুঁশিয়ারি দিয়েছেন।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের মুখপাত্র রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ‘ফের আক্রান্ত হলে ইরানের হাতে থাকা বিকল্পগুলোর মধ্যে একটি হতে পারে ৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আমরা পার্লামেন্টে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করব।’

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের পাঠানো জবাব প্রত্যাখ্যান করার পর তিনি এই মন্তব্য করেন।

উল্লেখ্য, গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধের সময় ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘ধ্বংস হয়ে গেছে’। এর ফলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছিল বলে দাবি করা হয়।

বর্তমানে ইরানের কাছে থাকা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ প্রায় ৪০০ কেজি ইউরেনিয়ামের ভাগ্য নিয়ে ধোঁয়াশা কাটছে না। প্রযুক্তিগতভাবে ৬০ শতাংশ থেকে ৯০ শতাংশে (অস্ত্র তৈরির মান) পৌঁছানো এখন ইরানের জন্য সামান্য সময়ের ব্যাপার মাত্র। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, এই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের (এইচইইউ) মজুত সরানো বা ধ্বংস না করা পর্যন্ত ইরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হবে না।

সূত্র: রয়টার্স
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।