রাজকুমারীর নাম নিয়ে জুয়ার ব্যবসা


প্রকাশিত: ১২:৪০ পিএম, ০৪ মে ২০১৫

ব্রিটেনে মানুষের মনোযোগ এখন প্রধানত বৃহস্পতিবারের সাধারণ নির্বাচনের দিকে। কিন্তু শনিবার থেকে সেই আগ্রহে অনেকটাই ভাগ বসিয়েছে রাজপরিবারের সর্বশেষ সদস্য অর্থাৎ ভবিষ্যত রাজা রাজকুমার উইলিয়ামের সদ্যজাত কন্যা।

রাজকুমারীর জন্ম নিয়ে তাৎক্ষণিক উচ্ছ্বাস কাটার পর তার নাম কি রাখা হবে তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। এমনকি রাজকুমারীর নাম নিয়ে মানুষের আগ্রহ আর চর্চা দেখে বাজি ধরার ব্যবসা শুরু করেছে শীর্ষ বেটিং কোম্পানিগুলো।

বাজি ধরার লিস্টে সম্ভাব্য নামগুলোর তালিকার শীর্ষে রয়েছে শার্লট এবং অ্যালিস। পাশাপাশি অলিভিয়া, ভিক্টোরিয়া, এলিজাবেথ নিয়ে বাজি ধরছেন অনেকেই। এমনকি রাজকুমারীর প্রয়াত দাদির নাম অর্থাৎ ডায়ানা নিয়েও বাজি ধরা হচ্ছে।

ব্রিটেনের রাজপরিবারে বহুদিন ধরে ছেলেদের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম চার্লস। মেয়েদের ক্ষেত্রে শার্লট। অষ্টাদশ শতাব্দীতে রাজা তৃতীয় জর্জের রানীর নাম ছিল শার্লট।

রাজা তৃতীয় জর্জ ১৭৬১ সালে রানী র্শালটের জন্যই বাকিংহাম প্রাসাদ কিনেছিলেন। ঐ প্রাসাদই এখন বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথের প্রধান বাসস্থান। রাজকুমারীর মায়ের পরিবারে অর্থাৎ ক্যাথরিনের পরিবারেও শার্লট নামটি রয়েছে। ক্যাথরিনের ছোট বোন পিপা মিডলটনের মাঝের নাম শার্লট।

জুয়াড়িদের পছন্দের দ্বিতীয় নামটি হলো অ্যালিস। ডিউক অব এডিনবারা অর্থাৎ বর্তমান রানীর স্বামীর মায়ের নাম ছিল অ্যালিস। এছাড়া রানী ভিক্টোরিয়ার এক মেয়ের নাম ছিল অ্যালিস।

তবে ব্রিটেনের রাজপরিবারে মেয়েদের মধ্যে সবচেয়ে বিখ্যাত দুই নাম হলো- ভিক্টোরিয়া এবং এলিজাবেথ।

রাজপরিবার নিয়ে ব্রিটিশদের আগ্রহ অবাক করার মত। তাই রাজকুমারীর নামকরণের আগে নিশ্চিতভাবে তা নিয়ে চর্চা চলতেই থাকবে। -বিবিসি

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।