পাকিস্তানকে অস্থিতিশীল করতে চাইছে ‘র’ : এমকিউএম
ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংসহ (র) অন্যান্য বিদেশি গোয়েন্দা সংস্থা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে পাকিস্তানকে অস্থিতিশীল করতে চাইছে। পাকিস্তানের রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।
দলটির নেতা আলতাফ হোসেন পাক সেনাবাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্য করে যখন প্রচণ্ড সমালোচনার মুখে পড়েছেন তখন এ প্রেস বিজ্ঞপ্তি দেয়া হলো। এতে বলা হয়েছে, করাচি ও লন্ডনে একই সময়ে দলটির সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠক পাকিস্তানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে পাকিস্তানের বিভিন্ন অংশে বিদেশি অনুপ্রবেশ ও অস্থিতিশীলতা ছড়িয়ে দেয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, বেলুচিস্তান, সিন্ধু প্রদেশ, উপজাতীয় এলাকাসহ অন্যান্য অংশে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বিশেষ করে ‘র’ অরাজকতা ছড়িয়ে দিচ্ছে। এমকিউএম প্রেস বিজ্ঞপ্তিতে এ জাতীয় তৎপরতার কঠোর নিন্দা জানায়।
এ ছাড়া, এতে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত জম্মু ও কাশ্মীরের অভিন্ন সীমান্ত ভারতীয় বাহিনীর লঙ্ঘনের ঘটনারও নিন্দা জানান হয়।
বিএ/আরআইপি