জামিন পেলেন নারীকে ইট মেরে বরখাস্ত কনস্টেবল


প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৬ মে ২০১৫

নারী বাইক আরোহীকে ইট ছুঁড়ে মারার ঘটনায় অভিযুক্ত দিল্লি পুলিশের বরখাস্ত কনস্টেবলের জামিন মঞ্জুর করেছে আদালত। ভারতের একটি আদালত রোববার তার জামিন মঞ্জুর করেন।

অভিযোগ উঠেছিল- ওই নারী ঘুষ দিতে অস্বীকার করায় পুলিশ কনস্টেবল তাকে ইট ছুঁড়ে মারেন। ইট মারার দৃশ্যটি ভিডিওতে ধরা পড়েছে।

তবে এই ঘটনায় পরস্পরবিরোধী দুটি অভিযোগ উঠেছে। ঘুষ চাওয়ার দাবি অস্বীকার করে ওই নারীর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে বিশেষ বিচারপতি নরোত্তম কৌশল বলেছেন, এই মামলায় দুটি পরস্পরবিরোধী বয়ান রয়েছে। ঘুষ চাওয়ারও স্পষ্ট দাবি ওঠেনি। তাই অভিযুক্তের জামিন পাওয়া উচিত বলেই মনে হচ্ছে। তাই জামিন মঞ্জুর করা হল।

এর আগে গত ১২ মে আদালত বরখাস্ত কনস্টেবল সতীশ চন্দ্রের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। গত ১১ মে’র ওই ঘটনার পর তাকে বরখাস্ত করা হয়েছিল।

কনস্টেবলে বিরুদ্ধে অভিযোগকারীর দাবি, ট্রাফিক আইন ভেঙেছেন দাবি করে তার কাছে ২০০ টাকা ঘুষ চান ওই কনস্টেবল। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করলে সতীশ তাকে গালাগালি করেন এবং ইট ছুঁড়ে মারেন। তখন ওই নারীর সঙ্গে ছিল তার দুই শিশু সন্তান।

ভিডিওতে দেখা যায়, ওই নারী কনস্টেবলের বাইক লক্ষ্য করে ইঁট ছোঁড়েন। পাল্টা আর একটি ইঁট নিয়ে ওই নারীর পিঠে মারেন সতীশ। তবে ওই নারী অভিযোগ করেছেন- এই ঘটনায় তার বাম হাতে চিড় ধরেছে।

এসএইচএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।