ক্ষমতা ছাড়ার আগে সিরিয়া যুদ্ধ থামবে না : ওবামা


প্রকাশিত: ০৩:০৭ পিএম, ১৬ মে ২০১৫

নিজের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা ছাড়ার আগে সিরিয়ার যুদ্ধ বন্ধ হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার সউদি মালিকানাধীন আল-আরাবিয়া টেলিভিশন নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে ওবামা এ কথা বলেন। তিনি বলেন, সিরিয়ার পরিস্থিতি হৃদয়বিদারক কিন্তু খুবই জটিল।

২০১৭ সালের প্রথমদিকে তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে। ওবামার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা শেষের আগে এ যুদ্ধ থামবে কি-না এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সম্ভবত না। যুক্তরাষ্ট্রের কারণে এ যুদ্ধ ঘটেনি। যুক্তরাষ্ট্র এ যুদ্ধ থামাতেও পারবে না। যদিও মধ্যপ্রাচ্য অঞ্চলের সকলে সবকিছুর জন্যে যুক্তরাষ্ট্রকেই দায়ী করে।

ওবামা জোর দিয়ে বলেন, এ যুদ্ধ অবসানে দরকার উপসাগরীয় মিত্র ও তুরস্কের মতো অন্যান্য দেশের সহায়তা। তবে এ সংকটের সামরিক সমাধান সম্ভব নয়।

উল্লেখ্য, সিরিয়ার চলমান যুদ্ধে এ পর্যন্ত দুই লাখ ২০ হাজার লোক প্রাণ হারিয়েছে।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।