চীনে মার্স রোগীর সংস্পর্শে ১১ জন
দক্ষিণ কোরিয়া থেকে চীনে আসা প্রথম মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) রোগীর সংস্পর্শে আসা ১৩ জনকে খুঁজছে বেইজিং। মার্স হয়েছে এমন আশংকায় দেশটিতে ইতোমধ্যে ৬৪ জনকে আলাদা করে রাখা হয়েছে।
দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ৪৪ বছর বয়সী ওই ব্যক্তি দক্ষিণ কোরিয়া থেকে প্রথম হংকং যান। এরপর তিনি বাসে করে গুয়াংডং প্রদেশের হুইঝৌও নগরীতে আসেন। তার সঙ্গে ওই একই বাসে ১১ জন ভ্রমণ করেন। বেইজিংয়ে যে ১৩ জন খোঁজা হচ্ছে ওই ১১ জন তার মধ্যে রয়েছেন।
চিকিৎসকদের সতর্কতা সত্ত্বেও আক্রান্ত ওই ব্যক্তিকে চীন ভ্রমণের অনুমতি দেয়ার জন্য দ. কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
ওই ব্যক্তি ব্যবসার কাজে চীন যান। এর একদিন আগে তার বাবার শরীরেও এই রোগের লক্ষণ দেখা গেছে এবং তিনি নিজেও যে এই রোগে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত হওয়া গেছে।
চীনে তাকে আলাদা রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। চায়না ডেইলি পত্রিকার খবরে সোমবার বলা হয়, তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তার হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক রয়েছে।
গুয়াংডংয়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশ এক অনলাইন পোস্টে জানায়, যাদেরকে আলাদা করে রাখা হয়েছে তাদের কারো অসুস্থ বলে মনে হচ্ছে না। এতে আরো বলা হয়, ‘আমরা এখন ১১ বাসযাত্রীসহ ১৩ জনকে খুঁজছি।’
আরএস/আরআইপি