পাকিস্তানের বোমা হামলায় সরকারি কর্মকর্তাসহ নিহত ৩
পাকিস্তানের উপজাতি এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে সরকারি কর্মকর্তাসহ তিন জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এ এফপি।
নিরাপত্তা বাহিনীর এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার বিশৃঙ্খলাপূর্ণ সাউথ ওয়াজিরিস্থান জেলার রাঘজাই এলাকায় সরকারি কর্মকর্তা ফারুক ওয়াজিরের গাড়িতে বোমাটি আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ওয়াজির ও অপর দু’জন নিহত হয়। স্থানীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এ বিস্ফোরণ ও হতাহতের খবর নিশ্চিত করেছে।
এই ঘটনার পরপর সরকারি এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ বিস্ফোরণের ‘কঠোর নিন্দা’ এবং প্রাণহানির ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, ২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন হামলার পর থেকে এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান দেশে ইসলামি জঙ্গি তৎপরতার বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। দেশটির সামরিক বাহিনী গত বছরের জুন মাসে উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি এলাকায় তালেবান ও অন্যান্য জঙ্গি সংগঠনের ঘাঁটিতে ব্যাপক অভিযান শুরু করে।
এসকেডি/পিআর