পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৪ পুলিশ নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা নগরীতে শনিবার মোটর সাইকেল আরোহী বন্দুকধারীদের হামলায় চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের গোলযোগপূর্ণ বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার উপকণ্ঠে পাস্তুনাবাদে টহল দেয়ার সময় এ হামলা চালানো হয়।
দেশটির সিনিয়র পুলিশ কর্মকর্তা আবুল রাজ্জাক চীমা এএফপিকে বলেন, ‘দু’টি মোটর সাইকেলে করে আসা চার বন্দুকধারী পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে বেপরোয়া গুলি চালায়। এতে চার পুলিশ সদস্য নিহত হন।’
অপর সিনিয়র পুলিশ কর্মকর্তা আইতজাজ গোরায়া হামলার তথ্য নিশ্চিত করে জানান, এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড।
তাৎক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও বেলুচিস্তানের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রায় হামলা চালায়।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের ‘কঠোর নিন্দা’ জানিয়ে বলেন, এ ধরনের ঘটনা জঙ্গিবাদ দমনে সরকারের পদক্ষেপকে দুর্বল করতে পারবে না।
একে/আরআইপি