দক্ষ বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, ০৮ জানুয়ারি ২০২৪
ছবি: সংগৃহীত

উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে নতুন আইন করেছে রাশিয়া। এর আগে অতি দক্ষ বিদেশিরা একটানা সর্বোচ্চ পাঁচ বছর রাশিয়ায় বসবাসের অনুমতি পেতেন। এবার এই শ্রেণির ব্যক্তিদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে রোববার (৭ জানুয়ারি) নতুন আইন কার্যকর করেছে দেশটি।

রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে, নতুন আইনটি কার্যকর করার জন্য ২০২৩ সালে সংবিধানে সংশোধন আনে ক্রেমলিন। পরে ওই বছরের জুন-জুলাইয়ে দেশটির পার্লামেন্টে পাশ হওয়া বিলে সই করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে গত বছর পাশ হলেও আইনটি কার্যকর হলো এই বছর।

আরও পড়ুন: রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বিদেশিদের নাগরিকত্ব দেবেন পুতিন

নতুন আইন অনুযায়ী, উচ্চ দক্ষতাসম্পন্ন বা বিশেষজ্ঞ ব্যক্তিরা যদি বৈধভাবে দুই বছর রাশিয়ায় বসবাস করেন, তাহলে তারা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, যিনি আবেদন করবেন তার স্বামী-স্ত্রী, বাবা-মা, সন্তান, নাতি-নাতনি এমনকি দাদা-দাদি, নানা-নানিও রাশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবে।

এমনকি, ওই ব্যক্তির দত্তক সন্তান কিংবা পালক বাবা-মাকেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেবে রাশিয়া। তবে শর্ত হলো পরিবারের সদস্যদেরও আগে থেকেই রাশিয়ায় বসবাস করতে হবে।

আরও পড়ুন: পুতিনের মতো দেখতে তিন ব্যক্তিকে ব্যবহার করছে রাশিয়া: ইউক্রেন

নতুন আইনে কোনো ব্যক্তি যদি রাশিয়ার কোনো প্রতিষ্ঠান বা সংস্থায় বিশেষ করে, উচ্চশিক্ষা, স্বাস্থ্যসেবা কিংবা উচ্চপ্রযুক্তির কোনো প্রতিষ্ঠানে প্রতি মাসে ১ লাখ ৬৭ হাজার রুবল বা তার চেয়েও বেশি বেতন পান তবে তাকে উচ্চ দক্ষতাসম্পন্ন বলে বিবেচনা করা হবে। আবার একই খাতগুলোতে কোনো ব্যক্তি ৬০ থেকে ৮৫ হাজার রুবল বেতন পেলে তাকে দক্ষ বিদেশি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হবে।

এদিকে, ইউক্রেন যুদ্ধ চলাকালে যেসব বিদেশি নাগরিক রাশিয়ার হয়ে যুদ্ধ করতে এক বছরের জন্য চুক্তিতে সই করেছেন তারাও স্থায়ীভাবে বসবাসের আবেদন করতে পারবেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই যদি কেউ চুক্তি প্রত্যাহার করেন, তাহলে তার বসবাসের অনুমতিও বাতিল করে দেবে রাশিয়া।

সূত্র: আরটি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।