ঢাকা বার নির্বাচন

বিএনপি প্যানেলের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ লইয়ার্স অ্যালায়েন্সের

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ০১ মে ২০২৬
ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন হয় গত ২৯ ও ৩০ এপ্রিল/ফাইল ছবি

ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যকরী কমিটির নির্বাচনে বিএনপি-সমর্থিত নীল প্যানেলের বিরুদ্ধে ইঞ্জিনিয়ারিং, জালিয়াতি ও ফ্যাসিবাদী কায়দায় কারচুপির অভিযোগ তুলেছে ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স। সেই সঙ্গে তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সমর্থিত সংগঠনটির মুখ্য সংগঠক ও সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিল আহমাদের সইয়ে শুক্রবার (১ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই অভিযোগ করা হয়।

বার্তায় বলা হয়, গত ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের প্রতিটি ধাপে পূর্বপরিকল্পিত অনিয়ম, পক্ষপাতিত্ব ও ব্যাপক কারচুপির হয়েছে। নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি বিএনপি-সমর্থিত নীল প্যানেলের একচেটিয়া নিয়ন্ত্রণে ছিল, যেখানে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করে এই কারচুপি করা হয়।

ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স দাবি করে- ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দেওয়া, বুথের ভেতর গিয়ে ভোটারদের ব্যালটে জোরপূর্বক সিল মারা, বিরোধী প্যানেলের কমিশনার ও এজেন্টদের বের করে দেওয়া, যাচাই-বাছাই ছাড়াই ব্যালট বিতরণ এবং বহু ভোটারের ভোট আগেই জালিয়াতির মাধ্যমে দেওয়ার মতো গুরুতর অনিয়ম সংঘটিত হয়েছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুপরিকল্পিত ভোট ডাকাতির সামগ্রিক চিত্র, যা অতীতের ফ্যাসিবাদী শাসনামলের কালো অধ্যায়েরই পুনরাবৃত্তি।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নীল প্যানেল অতীতে স্বৈরাচারী শাসনের অধীনে বিভিন্ন অনিয়ম, কারচুপি ও দমন-পীড়নের শিকার হয়েছিল, তারাই আজ একই কায়দায় নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে; যোগ করা হয় বার্তায়।

এতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের অন্যতম মূল আকাঙ্ক্ষা ছিল যে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তোলা। কিন্তু এ ধরনের প্রহসনের নির্বাচন জুলাই বিপ্লবের শহীদের রক্তের সঙ্গে বেঈমানি ছাড়া কিছুই না।

ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স দৃঢ়ভাবে দাবি জানায়- জাল ভোট, বুথ টেম্পারিং ও বিরোধী এজেন্টদের বের করে দেওয়ার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের আর পুনরাবৃত্তি না ঘটে এবং আইনজীবী সমাজের গণতান্ত্রিক ঐতিহ্য অক্ষুণ্ণ থাকে।

এফএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।