হত্যা মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানোর আবেদন, শুনানি ২৩ মে
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে এবার যাত্রাবাড়ী থানার আরও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে। হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম খলিল আদালতে এ আবেদন করেন।
সোমবার (১৮ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক আবেদনটি গ্রহণ করে আগামী ২৩ মে শুনানির দিন ধার্য করেন। ওইদিন আদালতে খায়রুল হককে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে বন্ধুদের সঙ্গে একটি মিছিলে যোগ দেন খোয়াইব। পরে মিছিলটি যাত্রাবাড়ী মোড়ের দিকে অগ্রসর হলে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের মর্গে ছেলের মরদেহ শনাক্ত করেন তার বাবা।
আরও পড়ুন
খায়রুল হককে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়
এর আগে পৃথক পাঁচ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর গত ৩০ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়।
গতকাল রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া খায়রুল হককে নতুন করে গ্রেফতার না দেখানোর নির্দেশ দেন।
এমডিএএ/এমকেআর