নারীরা সুস্থ থাকতে আরও বেশি রাগ প্রকাশ করুন
রাগ একটি স্বাভাবিক মানবিক আবেগ। কিন্তু আমাদের সমাজে নারীদের শেখানো হয় - চুপ থাকাই ভালো, রাগ দেখানো ঠিক নয়, সহ্য করাই গুণ। ফলে অনেকেই নিজের রাগ, ক্ষোভ বা হতাশা চেপে রাখেন।
প্রশ্ন হলো, চেপে রাখা রাগ কি শুধু মানসিক অস্বস্তি তৈরি করে, নাকি এর প্রভাব শরীরের ওপরও পড়ে? বিজ্ঞান বলছে, বিষয়টি একেবারে হালকাভাবে নেওয়ার মতো নয়। এর সঙ্গে আটোইমিউন রোগের সম্পর্ক থাকতে পারে।
অটোইমিউন রোগে নারীরা কেন বেশি আক্রান্ত?
অটোইমিউন রোগ এমন এক অবস্থা, যেখানে শরীরের ইমিউন সিস্টেম ভুল করে নিজের কোষকেই আক্রমণ করে। যেমন - লুপাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, থাইরয়েডজনিত কিছু রোগ। গবেষণা অনুযায়ী, অটোইমিউন রোগে আক্রান্তদের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশই নারী।
ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ-এর তথ্য বলছে, হরমোন, জিনগত বৈশিষ্ট্য এবং ইমিউন প্রতিক্রিয়ার পার্থক্যের কারণে নারীদের ঝুঁকি বেশি। তবে এখানেই শেষ নয়, মানসিক চাপও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে আলোচনায় এসেছে।

চেপে রাখা রাগ ও শরীরের স্ট্রেস প্রতিক্রিয়া
রাগ চেপে রাখা মানে আবেগ নেই, তা না। বরং চেপে রাখঅ রাগ ভেতরে ভেতরে দীর্ঘস্থায়ী মানসিক চাপ তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদি স্ট্রেস শরীরে কর্টিসলসহ বিভিন্ন হরমোনের ভারসাম্য বদলে দেয়। এতে প্রদাহের মাত্রা বাড়তে পারে, যা অটোইমিউন রোগের উপসর্গ তীব্র করার সঙ্গে সম্পর্কিত বলে বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে।
আমেরিকান সাইকোলজিকাল অ্যাসোসিয়েশনে প্রকাশিত বিশ্লেষণে দেখা যায়, আবেগ দমন দীর্ঘস্থায়ী স্ট্রেস বাড়ায় এবং তা শারীরিক স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলতে পারে। যদিও এটি সরাসরি অটোইমিউন রোগের একমাত্র কারণ নয়, তবে ঝুঁকি বাড়ানোর সহায়ক উপাদান হিসেবে বিবেচিত।
সামাজিক চাপ ও আবেগ দমন
অনেক নারী ছোটবেলা থেকেই শিখে আসেন - রাগ দেখানো ‘অভদ্রতা’। ফলে কর্মক্ষেত্র, পরিবার বা সম্পর্কে অসন্তোষ থাকলেও তা প্রকাশ না করে চেপে রাখেন। দীর্ঘদিন ধরে এমন আবেগ দমন মানসিক ক্লান্তি, ঘুমের সমস্যা এবং উদ্বেগ বাড়াতে পারে। স্ট্রেস ও ইমিউন সিস্টেমের সম্পর্ক নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে ভারসাম্যহীন করতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ আছে, ক্রনিক স্ট্রেস শারীরিক নানা রোগের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখতে পারে।

তাহলে কি রাগ দেখানোই সমাধান?
রাগ প্রকাশ মানে চিৎকার বা আঘাত নয়। বরং স্বাস্থ্যসম্মত উপায়ে নিজের অনুভূতি জানানো - এটাই মূল কথা। মনোবিজ্ঞানীরা বলেন, দৃঢ় কিন্তু ভদ্রভাবে কথা বলা মানসিক চাপ কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম, জার্নাল লেখা, থেরাপি বা কাউন্সেলিংও আবেগকে স্বাস্থ্যকরভাবে প্রকাশের পথ তৈরি করে।
চেপে রাখা রাগ সরাসরি অটোইমিউন রোগের কারণ - এমন সরল সমীকরণ বিজ্ঞান দেয় না। তবে দীর্ঘমেয়াদি মানসিক চাপ ও আবেগ দমন শরীরের ইমিউন প্রতিক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। নারীরা সুস্থ থাকতে চাইলে শুধু শরীর নয়, মনের যত্নও সমান জরুরি।
রাগ একটি স্বাভাবিক অনুভূতি। সেটিকে অস্বীকার না করে, সচেতন ও স্বাস্থ্যসম্মতভাবে প্রকাশ করাই হতে পারে সুস্থ থাকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সূত্র: ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ, আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এএমপি/জেআইএম