কচুর লতি দিয়ে মাছের পাতোরার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৩ মার্চ ২০২৬
এআই নির্মিত ছবি

নদীর মাছ আর কচুর লতি – এই দুই স্বাদের মিলনে তৈরি হয় এক অসাধারণ ঘরোয়া পদ। ভাতের সঙ্গে মাখামাখা ঝোল হলে তো কথাই নেই। চলুন দেখে নেওয়া যাক কচুর লতি দিয়ে মাছের পাতোরা তৈরির ধাপগুলো।

উপকরণ

১. মাছ ৪ টুকরা
২. কচুর লতি আধা কেজি
৩. লবণ স্বাদ মতো
৪. রসুন বাটা ১/২চা চামচ
৫. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
৬. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
৭. হলুদ গুঁড়া আধা চা চামচ
৮. লাল মরিচের গুঁড়া আধা চা চামচ
৯. কাঁচামরিচ ফালি ২ টা
১০. সয়াবিন তেল পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী

প্রথমে মাছের টুকরাগুলো হালকা কষিয়ে নিতে হবে। একটি হাঁড়িতে পরিমাণমতো সয়াবিন তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। পেঁয়াজ নরম হয়ে এলে সামান্য পানি দিন। এরপর পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে মসলাটি ভালোভাবে কষিয়ে নিন।

মসলা থেকে তেল আলাদা হতে শুরু করলে মাছের টুকরাগুলো দিয়ে ঢেকে দিন। লো-মিডিয়াম আঁচে প্রায় ১০ মিনিট রান্না করুন। মাঝপথে ৫ মিনিট পর মাছগুলো আলতো করে উল্টে দিন, যাতে দুই পাশই সমানভাবে কষে যায়। কষানো হয়ে গেলে মাছ আলাদা পাত্রে তুলে রাখুন।

এবার একই মসলার ঝোলে পরিষ্কার করে ধোয়া কচুর লতি দিয়ে ভালোভাবে নেড়ে নিন। ঢেকে মিডিয়াম আঁচে লতিগুলো কষতে দিন। লতি নরম হয়ে এলে আগে কষিয়ে রাখা মাছগুলো ওপর থেকে সাজিয়ে দিন। প্রয়োজনমতো পানি যোগ করে কাঁচামরিচ ফালি ছড়িয়ে আবার ঢেকে দিন। আরও ৮–১০ মিনিট রান্না করুন, যাতে সব উপাদানের স্বাদ একসঙ্গে মিশে যায়।

ঝোল যখন মাখামাখা হয়ে আসবে এবং তেল ওপরে ভেসে উঠবে, তখন চুলা বন্ধ করুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দারুণ স্বাদের কচুর লতি দিয়ে মাছের পাতুরি।

ঘরোয়া রান্নার এই পদটি স্বাদে ঐতিহ্যবাহী, আবার উপকরণেও সহজলভ্য। সঠিকভাবে কষানোই এখানে মূল কৌশল।

এএমপি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।