ভরা পেটে ফল খেলে কী হয়
অনেকেই ভরা পেটে এক বাটি ফল খেয়ে থাকেন। আবার কেউ কেউ ভারী খাবারের পর ফলকে মিষ্টির বিকল্প হিসেবে খান। ফল যে শরীরের জন্য অত্যন্ত উপকারী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নিয়মিত ফল খেলে শরীর নানা পুষ্টি পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। তবে ফল কখন খাওয়া হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে ফল না খেলে শরীর সেই পুষ্টির পুরোটা নাও পেতে পারে এবং হজমের সমস্যাও দেখা দিতে পারে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণত ভারী খাবারের ঠিক পরপরই ফল খেতে নিষেধ করেন। বিশেষ করে যদি সেই খাবারে কার্বোহাইড্রেট বেশি থাকে, যেমন ভাত বা রুটি। কারণ এই ধরনের খাবার হজম হতে তুলনামূলকভাবে বেশি সময় নেয়। তাই ভারী খাবারের পরপরই ফল খেলে তা পাকস্থলীতে আটকে থাকতে পারে এবং হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। ফলে অনেকের গ্যাস, পেট ফাঁপা বা অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে।

যাদের হজমতন্ত্র একটু সংবেদনশীল, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হতে পারে। বিশেষ করে যাদের ফ্রুকটোজ ইনটলারেন্স বা ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম (আইবিএস) রয়েছে, তাদের খাবারের পরে ফল খেলে গ্যাস বা পেট ফাঁপার সমস্যা বাড়তে পারে।
আরও একটি কারণ হলো পাকস্থলীতে ফারমেন্টেশন বা গাঁজন প্রক্রিয়া শুরু হওয়া। ভারী খাবারের পর ফল খেলে পাকস্থলীতে এই ফারমেন্টেশন হতে পারে, যার ফলে গ্যাস তৈরি হয়। এর কারণে পেট ভারী লাগা, পেট ফুলে যাওয়া, ঢেকুর ওঠা বা হজমের সমস্যা দেখা দিতে পারে।
আয়ুর্বেদ শাস্ত্রেও খাবারের সঙ্গে ফল মিশিয়ে খাওয়াকে ভালো মনে করা হয় না। আয়ুর্বেদের মতে, ফল এবং রান্না করা খাবারের এই মিশ্রণ শরীরে মাইক্রোবিয়াল ফারমেন্টেশন বাড়াতে পারে, যা শরীরের তিনটি গুরুত্বপূর্ণ দোষ,পিত্ত, বাত ও কফের এর ভারসাম্য নষ্ট করতে পারে।
ফল খাওয়ার সঠিক সময় কোনটি
বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে ফল খাওয়া শরীরের জন্য উপকারী হতে পারে। এতে শরীর দ্রুত শক্তি পায়, হজম প্রক্রিয়া সহজ হয় এবং শরীরকে বিষমুক্ত করতেও সাহায্য করে। বিশেষ করে সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ফল খাওয়া সবচেয়ে ভালো বলে মনে করা হয়। এই সময় শরীর স্বাভাবিকভাবেই পরিশোধনের প্রক্রিয়ায় থাকে এবং ফল সেই প্রক্রিয়াকে আরও সহায়তা করে।
যদি সকালের নাশতা ভারী হয়, তাহলে দুপুরের খাবারের অন্তত ৩ ঘণ্টা পরে ফল খাওয়া যেতে পারে। তখন পাকস্থলী তুলনামূলকভাবে হালকা থাকে এবং ফল সহজে হজম হয়।
তবে কিছু ফল আছে যেগুলো খাবারের পর তুলনামূলকভাবে সহজে হজম হতে পারে। যেমন, পেঁপে, আনারস, কিউই, বেরি ও আপেল। পেঁপে ও আনারসে থাকা বিশেষ এনজাইম প্রোটিন ভাঙতে সাহায্য করে, যা হজম প্রক্রিয়াকে কিছুটা সহজ করে।
ফল অত্যন্ত স্বাস্থ্যকর হলেও ভুল সময়ে খেলে তা গ্যাস, বদহজম বা পেট ফাঁপার মতো সমস্যা তৈরি করতে পারে। তাই ফল খাওয়ার সময়ের দিকেও নজর দেওয়া জরুরি। খাবারের সঙ্গে ফল মিশিয়ে না খেয়ে আলাদা সময়ে খাওয়াই শরীরের জন্য বেশি উপকারী।
সূত্র: ইন্ডিয়া টুডে, হেলথ লাইন
- আরও পড়ুন:
অনিদ্রায় ভুগলে কখন ডাক্তারের পরামর্শ নেবেন
ঘুমের জন্য ইউটিউবে স্লিপ মিউজিক শোনা কতটা নিরাপদ
এসএকেওয়াই