বাড়িতেই তৈরি করুন হেয়ার রিমুভাল স্ক্রাব

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৭ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত

অনেকেই শরীরের অতিরিক্ত লোম নিয়ে অস্বস্তিতে ভোগেন। বিশেষ করে স্লিভলেস বা শর্ট ড্রেস পরার সময় এই সমস্যা আরও বেশি চোখে পড়ে এবং অস্বস্তির কারণ হয়ে ওঠে। এই ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকেই পার্লারে গিয়ে ব্যয়বহুল ট্রিটমেন্ট করান। আবার কেউ কেউ সহজ উপায় হিসেবে ব্লেড বা রেজার ব্যবহার করেন।

তবে রেজার ব্যবহারে ত্বক কেটে যাওয়ার ভয় থাকে, পাশাপাশি র‍্যাশ বা জ্বালাপোড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। শুধু তাই নয়, নিয়মিত রেজার ব্যবহারের ফলে অনেক সময় লোম আরও মোটা হয়ে দ্রুত ফিরে আসার আশঙ্কাও থাকে, যা সমস্যাকে আরও বাড়িয়ে তোলে।

এই কারণে ত্বক বিশেষজ্ঞরা প্রাকৃতিক ও ঘরোয়া পদ্ধতিতে লোম দূর করার পরামর্শ দেন। যারা রাসায়নিক উপাদান থেকে দূরে থাকতে চান, তাদের জন্য রান্নাঘরের সাধারণ কিছু উপকরণ দিয়েই হেয়ার রিমুভাল স্ক্রাব তৈরি করা যায়।

jago

যেভাবে তৈরি করবেন এই স্ক্রাব
এই স্ক্রাব তৈরির জন্য প্রথমেই একটি পাত্রে ৩ টেবিল চামচ চিনি নিন। এরপর এর সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মেশান। এরপর মিশ্রণটিকে আরও কার্যকর করতে যোগ করুন ৫ টেবিল চামচ আলুর রস এবং ৫ টেবিল চামচ মুসুর ডাল বাটা। সব উপাদান একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি ঘন প্যাক তৈরি করে নিন।

চিনি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে, আর লেবুর রস ত্বক পরিষ্কার ও উজ্জ্বল রাখতে কার্যকর।আলুর রস ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে, আর মুসুর ডাল প্রাকৃতিক স্ক্রাব হিসেবে কাজ করে।

ব্যবহারের সঠিক পদ্ধতি
শরীরের যে অংশের লোম তুলতে চান, সেখানে এই মিশ্রণটি ভালো করে লাগিয়ে নিন। এরপর ২০ মিনিট পর শুকিয়ে গেলে হালকা হাতে ঘষে তুলে ফেলুন এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।

নিয়মিত ব্যবহারে এই স্ক্রাব শুধু লোম দূর করতেই সাহায্য করবে না, বরং আলুর রসের কারণে লোমের রং হালকা হয়ে ত্বক আরও মসৃণ ও উজ্জ্বল দেখাবে।

ব্যবহারের আগে সতর্কতা
তবে যাদের ত্বক সংবেদনশীল, তাদের ক্ষেত্রে যেকোনো ঘরোয়া প্যাক ব্যবহারের আগে সতর্ক থাকা জরুরি। প্রথমবার ব্যবহারের আগে হাতে বা ত্বকের ছোট একটি অংশে পরীক্ষা করে নেওয়া ভালো। যদি কোনো জ্বালাপোড়া, লালচে ভাব বা অস্বস্তি দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

 প্রাকৃতিক উপায়ে ধৈর্য ধরে ত্বকের যত্ন নিলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই পাওয়া সম্ভব মসৃণ ও লোমহীন ত্বক। ঘরোয়া এই হেয়ার রিমুভাল স্ক্রাব সহজলভ্য উপকরণ দিয়ে তৈরি হওয়ায় এটি যেমন সাশ্রয়ী, তেমনি নিরাপদও। নিয়মিত ব্যবহারে ত্বক থাকবে পরিষ্কার, কোমল ও উজ্জ্বল।

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।