পহেলা বৈশাখে যেভাবে মেকআপ করলে নষ্ট হবে না

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১২ এপ্রিল ২০২৬
ছবি: এআই

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ দরজায় কড়া নাড়ছে। নতুন বছর মানেই নতুন সাজ আর আনন্দে ভরপুর এক দিন। লাল-সাদা শাড়ি, গহনা মিলিয়ে সাজটা যেন হয়ে ওঠে একেবারে নিখুঁত। তবে এই উৎসবের মাঝেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গরম আর ঘাম। অনেক যত্ন করে করা মেকআপ মুহূর্তেই গলে যেতে পারে, বিশেষ করে ফাউন্ডেশন।

তাই এই দিনে মেকআপ যেন দীর্ঘক্ষণ ঠিক থাকে, তার জন্য কিছু সহজ কিন্তু কার্যকর পদ্ধতি জানা জরুরি।

ত্বক প্রস্তুত করা

মেকআপের আগে ত্বক ঠিকভাবে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই সরাসরি ফাউন্ডেশন লাগিয়ে ফেলেন, যা একেবারেই ঠিক নয়। প্রথমে একটি ভালো ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে, যাতে ত্বকের ময়লা ও অতিরিক্ত তেল দূর হয়।

এরপর টোনার ব্যবহার করলে ত্বকের পোরস টাইট হয় এবং মেকআপ বসে সহজে। হালকা একটি ময়শ্চারাইজার ব্যবহার করুন, যাতে ত্বক হাইড্রেটেড থাকে। দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।

প্রাইমার ব্যবহার না করলে চলবে না

গরমে মেকআপ গলে যাওয়ার অন্যতম কারণ হলো ত্বকের ঘাম ও তেল। এই সমস্যার সমাধানে প্রাইমার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফাউন্ডেশন লাগানোর আগে ভালো করে প্রাইমার লাগালে এটি ত্বকের ওপর একটি মসৃণ স্তর তৈরি করে। এতে ওপেন পোরস কম দেখা যায় এবং মেকআপ সহজে নষ্ট হয় না। বিশেষ করে টি-জোনে (কপাল, নাক, থুতনি) প্রাইমার ভালোভাবে ব্যবহার করা উচিত।

 jago

হালকা ফাউন্ডেশনই বেছে নিন

গরমের দিনে ভারী বা ফুল কভারেজ ফাউন্ডেশন ব্যবহার করলে তা সহজেই গলে যেতে পারে। তাই এই সময় হালকা ফাউন্ডেশন বা ফেস টিন্ট, বিবি বা সিসি ক্রিম ব্যবহার করাই ভালো। এগুলো ত্বকে হালকা থাকে এবং ঘাম হলেও সহজে নষ্ট হয় না। ফাউন্ডেশন লাগানোর সময় খেয়াল রাখতে হবে, যেন তা ভালোভাবে ব্লেন্ড হয়। প্রয়োজনে স্পঞ্জ বা ব্রাশ ব্যবহার করতে পারেন, এতে ফিনিশিং আরও সুন্দর হবে।

কম প্রোডাক্টে ফ্রেশ লুক

গরমে বেশি প্রোডাক্ট ব্যবহার না করাই ভালো। কনসিলার ব্যবহার না করলেও চলে, যদি খুব প্রয়োজন না হয়। হালকা ব্লাশ বা টিন্ট দিয়ে গালে স্বাভাবিক আভা আনা যায়। এতে লুকটা ভারী না হয়ে ফ্রেশ দেখায়। সবশেষে লুস পাউডার দিয়ে ফাউন্ডেশন সেট করে নিতে হবে, যাতে ঘাম হলেও মেকআপ জায়গায় থাকে।

চোখের মেকআপ সেট করা জরুরি

গরমে চোখের মেকআপ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। কাজল বা আইলাইনার ব্যবহার করলে তার ওপর হালকা করে আইশ্যাডো লাগিয়ে সেট করে নিন। এতে কাজল ছড়িয়ে পড়বে না এবং দীর্ঘক্ষণ টিকে থাকবে।

সেটিং স্প্রে

মেকআপ শেষ করার পর সেটিং স্প্রে ব্যবহার করা খুবই জরুরি। এটি মেকআপকে লক করে রাখে এবং ঘামের মধ্যেও তা সহজে নষ্ট হতে দেয় না। বাইরে দীর্ঘক্ষণ থাকলে সেটিং স্প্রে আপনার মেকআপকে সতেজ রাখবে।

পহেলা বৈশাখের মতো বিশেষ দিনে সবাই চায় সারাদিন সুন্দর ও ফ্রেশ দেখাতে। কিন্তু গরমের কারণে সেই সাজ ধরে রাখা কঠিন হয়ে যায়। তবে সঠিক নিয়মে ত্বক প্রস্তুত করা, হালকা প্রোডাক্ট ব্যবহার এবং কিছু সহজ নিয়ম মেনে চললে এই সমস্যার সমাধান সম্ভব।

সূত্র: ভোগ, হিন্দুস্তান টাইমস

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।